…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

টাঙ্গাইলের ১২ উপজেলায় তিন শতাধিক স্পটে মাদকের বেচাকেনা, ৯ মাসে ৫৪৮ মামলায় গ্রেপ্তার ৫৪৯

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের ১২ উপজেলায় তিন শতাধিক স্পটে মাদকের বেচাকেনা, ৯ মাসে ৫৪৮ মামলায় গ্রেপ্তার ৫৪৯
ছবি: সংগৃহীত

হাত বাড়ালেই মিলছে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল; সিসাও পাওয়া যায় সহজে। এই চিত্র টাঙ্গাইলের ১২টি উপজেলার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবেই টাঙ্গাইলে মাদকসেবীর সংখ্যা দুই লক্ষাধিক, আর স্থানীয়দের হিসাবে মাদকাসক্তের সংখ্যা কয়েক গুণ বেশি।

৪০ লাখ বাসিন্দার জেলা টাঙ্গাইলে মাদক নিয়ন্ত্রণের জন্য রয়েছেন মাত্র ১৯ জন কর্মকর্তা-কর্মচারী। জেলায় অনুমোদিত মাদক বিক্রয়কেন্দ্র রয়েছে পাঁচটি, কিন্তু বিভিন্ন পয়েন্টে নিয়মিত মাদক বিক্রি হচ্ছে। মাদক সেবন ও বিকিকিনিতে জড়িত উঠতি যুবক, কিশোর-কিশোরী, তরুণ, পেশাজীবী, স্কুল-মাদরাসার শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, চালক, হেলপার, রিকশা-অটোচালক এবং নারীরা। শহর-গ্রামের অলিগলি ও ফাঁকা জায়গায় চলমান অবস্থায় মাদক কেনাবেচা হওয়ায় পুরো জেলা মাদকের বাজারে পরিণত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায়ও বন্ধ হচ্ছে না মাদকের কেনাবেচা। জেলা শহরের করটিয়া, মহেষখোলা, বিশ্বাসবেতকা, পদ্মপুকুরপাড়, নজরুল সেনা স্কুলের আশপাশে, থানাপাড়াসহ বহু স্থানে মাদক বিক্রি হয়। খুচরা বিক্রেতারা নির্দিষ্ট সময় ও স্থানে মাদক বিক্রি করেন না; তাঁরা বিভিন্ন নির্জন স্থান ও ফাঁকা সড়কে মাদক বিক্রি করেন। অনেকে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে নিজেদের চিনে নিয়ে দ্রুততম সময়ে লেনদেন করে সটকে পড়েন।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারে নিত্যনতুন কৌশল নিচ্ছেন কারবারিরা। বালুর ট্রাকে, কাভার্ড ভ্যানে, মুরগির বাচ্চা বহনকারী গাড়িতে অথবা যানবাহনের বিভিন্ন গোপন পকেটে মাদক পাচার করা হয়। মাদকের নিরাপদ রুট হিসেবে গারোবাজার, সাগরদীঘি ও গোবিন্দাসি এলাকাকে বেশি ব্যবহার করা হয়।

মধুপুরের চাড়ালজানি, শহীদ মিনার চত্বর, দেবের পুকুরপাড়, শেওড়াতলা, পুন্ডুরা, আদালতপাড়া, টুনিয়াবাড়ী, সিঅ্যান্ডবি মোড়, টেংরি টেকনিক্যাল কলেজের কাছে, ক্বারী বাসস্ট্যান্ড, গোরস্তানপাড়া, জলছত্র, হলদিয়া স্কুল এলাকা, মাস্টারপাড়াসহ অন্তত অর্ধশত স্থানে মাদক বেচাকেনা হয়। ঘাটাইলের গারোবাজার, সাগরদীঘি, ফুলমালির চালা, দেওপাড়া, মাইধারচালা, সিদ্দিখালী বাজার, মাকরাইসহ অন্তত ৩০টি পয়েন্টে মাদক ক্রয়বিক্রয় হয়।

ধনবাড়ীতে কালীপুর, কেরামজানি বাজার, মুশুদ্দি শয়া, জাগিরাচালা, গরমবাজার, ধোপাখালি, ভাইঘাটসহ অন্তত ১৫টি পয়েন্টে মাদক বেচাকেনা হয়। গোপালপুরের নন্দনপুর, পুরাতন তেলের পাম্প, সুন্দর পশ্চিমপাড়া, শিমলাবাজার রোড, ডাকবাংলো রোড, আভুঙ্গী, কোনাবাড়ী, ভূয়ারচক, মৃদ্ধাবাড়ী, সূতি, পাগলা বাজারসহ অন্তত ২০টি পয়েন্টে মাদক ক্রয়বিক্রয় হয়। এভাবে প্রতিটি উপজেলায় ২০ থেকে ২৫টি স্থানে মাদক বেচাকেনার স্পট রয়েছে, যেখানে উঠতি বয়সী স্কুল-কলেজের ছাত্রদের আনাগোনাই বেশি।

মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ অভিভাবকেরা সন্তানদের দিচ্ছেন সংশোধনাগারে; কেউ পাঠাচ্ছেন নিরাপত্তা হেফাজতে কারাগারে। মধুপুরের নরসুন্দর এস চন্দ্র দাস (ছদ্মনাম) ছেলে-মেয়েদের সুশিক্ষিত করতে চেয়েছিলেন, কিন্তু মাদকের ভয়াবহতার আতঙ্কে পড়ালেখার পাট চুকিয়ে ছেলেকে নিজের পেশায় যুক্ত করেছেন। চাকরিজীবী আলী হোসেন সন্তানকে মাদকের হাত থেকে ফেরাতে ব্যর্থ হয়ে সন্তানের চাহিদা মেটাতে গিয়ে শহরের ভিটেমাটি বিক্রি করেছেন।

টাঙ্গাইল শহরের বটতলার টাইলস মিস্ত্রি সাদ্দাম হোসেনকে তাঁর পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতায় কারাগারে পাঠিয়েছেন। মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা খুন হওয়ার ঘটনাও ঘটেছে টাঙ্গাইলের একাধিক স্থানে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটাইলের একজন শিক্ষক জানান, স্কুল-কলেজের যেসব শিক্ষার্থী মাথার চুলে স্টাইল করে, তাদের বেশির ভাগই বিপথগামী এবং কোনো না কোনো অপকর্মে জড়িত।

টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদক শুধু নেশাগ্রস্তকেই ক্ষতিগ্রস্ত করছে না, পুরো পরিবার ও সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর হতে হবে এবং সামাজিক ঐক্য গড়ে মাদক প্রতিরোধ করতে হবে।

মাদকের ভয়াবহতা নিয়ে অক্টোবর মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যাপক আলোচনা হয়েছে। ওই সভায় দু-একজন দাবি করেন, টাঙ্গাইলের মাদকাসক্তের সংখ্যা ২০ শতাংশের বেশি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল জানিয়েছেন, টাঙ্গাইলে মাদকাসক্তের সংখ্যা ৫ শতাংশের ওপরে; এই হিসাবে জেলায় মাদকসেবী দুই লক্ষাধিক।

মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, মধুপুর উপজেলা মাদক পাচারের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে; গারোবাজার-সাগরদীঘি হয়ে বিভিন্ন জেলা-উপজেলায় মাদক পাচার হয়। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেছেন, টাঙ্গাইলে তরুণ, যুবক ও শ্রমজীবীরা বেশি মাদকাসক্ত হয়ে পড়ছেন; শহরে অটোচালকদের অধিকাংশই মাদকসেবী এবং অনেকে মাদক কেনাবেচাও করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্য বিদায়ী সহকারী পরিচালক মো. আহসানুল কবীর বুলবুল বলেন, গত ৯ মাসে টাঙ্গাইলে এক হাজারের বেশি অভিযান পরিচালনা করে ৫৪৮টি মামলা করা হয়েছে এবং মাদকসহ গ্রেপ্তার হয়েছে ৫৪৯ জন। এ ছাড়া সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে যারা যুক্ত, তাদের কোনো কমিটিতে না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে উপজেলা পর্যায়ে এবং সন্ধ্যার পর আড্ডা বন্ধ করতে বলা হয়েছে।

টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মাদক সেবন ও কারবারে জড়িতদের শক্ত হাতে দমন করতে হবে। মাদকের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাঁকেও আইনের আওতায় আনতে হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে না এবং মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি
আইন ও অপরাধ

ঈশ্বরদীতে ছবি সরানোর অনুরোধ করায় যুবককে কুপিয়ে জখম, রাজশাহী মেডিকেলে ভর্তি

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনের স্ক্রিনে রাখা এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় ওই ছাত্রীর ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক…

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট
আইন ও অপরাধ

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে অচেতন করে সোনার দোকানে চুরি, প্রায় দুই হাজার ভরি গয়না লুট

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার একটি শপিং মলে একটি গয়নার দোকানে চুরি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আনাম র‍্যাংকস প্লাজার পূরবী …

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে
আইন ও অপরাধ

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে আগুন, পেছনের আসন পুড়ে গেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজ…

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন
আইন ও অপরাধ

গাজীপুরে সাবেক কাউন্সিলর গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও আগুন

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের পরদিন তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শন…