অনলাইনে বিষ বিক্রি করে ৪০ দেশে পাঠিয়েছিলেন কেনেথ ল: ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা

অনলাইনের আত্মহত্যা-সংক্রান্ত ফোরামের মাধ্যমে ৪০টি দেশের মানুষের কাছে বিষাক্ত রাসায়নিক বিক্রির দায়ে দোষী সাব্যস্ত কানাডার নাগরিক কেনেথ ল-এর জন্য ২৫ বছরের কারাদণ্ড চেয়েছেন দেশটির প্রসিকিউটররা। শুক্রবার কানাডার অন্টারিওর একটি আদালতে তাঁর সাজা ঘোষণার শুনানিতে প্রসিকিউটররা এই আবেদন করেন।
৬১ বছর বয়সী কেনেথ ল সাবেক একজন শেফ। চলতি বছরের মে মাসে তিনি অন্টারিওতে ১৪ জনের আত্মহত্যায় সহায়তার ১৪টি অভিযোগে দোষ স্বীকার করেন। পাশাপাশি তিনি ইংল্যান্ড ও ওয়েলসে আরও কয়েক ডজন মানুষের মৃত্যুর কারণ হওয়ার কথা স্বীকার করেছেন।
তবে একটি সমঝোতার (প্লি ডিল) আওতায় যুক্তরাজ্যে কিংবা ব্রিটিশ নাগরিকদের মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না। এই সমঝোতার বিনিময়ে কানাডার কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে আনা আরও গুরুতর হত্যার অভিযোগগুলো প্রত্যাহার করে নিয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কেনেথ ল অনলাইন ফোরামে পরিচিত হওয়া গ্রাহকদের কাছে বিষাক্ত পদার্থের প্রায় ১ হাজার ২০০টি প্যাকেজ বিক্রি করেছিলেন ৪০টি দেশে, যার প্রায় এক-চতুর্থাংশই পাঠানো হয়েছিল যুক্তরাজ্যে।
শুক্রবারের শুনানিতে প্রসিকিউটররা জোর দিয়ে বলেন, তাঁর শিকারদের অনেকেই ছিলেন তরুণ এবং মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। ক্রাউন অ্যাটর্নি ক্যাথলিন ডোহার্টি আদালতে কেনেথ ল-কে দুর্বল মানুষদের সুযোগ নেওয়া এক শিকারি (প্রিডেটর) হিসেবে বর্ণনা করেন।
ডোহার্টি বলেন, ‘তাদের যা দরকার ছিল, তা হলো সাহায্য। কিন্তু তারা যা পেয়েছিল, তা হলো মি. ল আর তাঁর মৃত্যুর পণ্য।’ তিনি আরও বলেন, ‘মানুষ টাকা দিতে পারলেই তিনি তাদের কাছে বিক্রি করেছেন। কোনো আলোচনা বা জিজ্ঞাসাবাদ ছিল না, যার মাধ্যমে মি. ল বুঝতে পারতেন তিনি যার সঙ্গে লেনদেন করছেন, তার পরিস্থিতি কেমন।’
প্রসিকিউটরদের সুপারিশ করা ২৫ বছরের সাজা পেলে ২০২৩ সালের মে মাসে গ্রেপ্তারের পর থেকে কাটানো সময়ের ছাড় হিসাব করে কেনেথ ল-কে কারাগারে থাকতে হবে ২০ বছরের কিছুটা কম সময়। সাজা ঘোষণা করা হবে পরবর্তী কোনো তারিখে।
অন্যদিকে কেনেথ ল-এর আইনজীবী ম্যাথিউ গুরলে প্রসিকিউটরদের এই বক্তব্যের বিরোধিতা করেন। তাঁর যুক্তি, তাঁর মক্কেল শিকারদের মানসিক অসুস্থতার সঙ্গে লড়াইয়ের জন্য দায়ী নন। গুরলের ভাষায়, কেনেথ ল-এর একটি ‘ভ্রান্ত ধারণা’ ছিল যে তিনি শিকারদের সাহায্য করছেন।
গুরলে বলেন, ‘প্রতিটি ঘটনাই তার নিজের মতো করে একটি ট্র্যাজেডি। মি. ল হয়তো তাদের সবার মধ্যে একটি সাধারণ যোগসূত্র, কিন্তু শিকারদের তাঁর পণ্যের খোঁজে আসতে বাধ্য করা সংগ্রাম ও কষ্টের কারণ মি. ল ছিলেন না।’ তাঁর আইনজীবী আদালতের কাছে ১২ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন করেছেন।
শুক্রবারের এই সাজা-শুনানির আগে গত সেপ্টেম্বরে কয়েক দিন ধরে আবেগঘন সাক্ষ্য দিয়েছেন শিকারদের শোকাহত পরিবারের সদস্য ও বন্ধুরা; আদালতে তাঁরা কেনেথ ল-এর কারণে তাঁদের যে যন্ত্রণা সইতে হয়েছে, তার বিবরণ দেন। সাজা নির্ধারণের সময় এসব প্রভাব-বিবৃতি (ইমপ্যাক্ট স্টেটমেন্ট) বিবেচনায় নেওয়া হবে।



