থ্যাংকসগিভিং ঝড়ের তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধীরে ধীরে ফিরছে বিদ্যুৎ
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভারী বৃষ্টি ও বন্যা কমতে শুরু করেছে। ছুটির মৌসুমের ঝড়ে প্রবল বাতাস, বৃষ্টি ও তুষারপাতের পর লাখ লাখ গ্রাহকের কাছে ধীরে ধীরে বিদ্যুৎ ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ঝড়ে ভ্রমণ ব্যাহত হয়েছে, গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে পড়েছে, আর নিউইয়র্ক থেকে ভার্জিনিয়া পর্যন্ত একাধিক অঙ্গরাজ্যে পানিতে আটকে পড়াদের উদ্ধার করতে হয়েছে।
নিউইয়র্ক সিটিতে বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে নজিরবিহীনভাবে স্থগিত হওয়ার পর শনিবার ম্যাসির থ্যাংকসগিভিং ডে প্যারেডের প্রস্তুতি চলছিল। সাধারণত থ্যাংকসগিভিং দিবসে অনুষ্ঠিত এই বার্ষিক প্যারেডে রঙিন বেলুন ম্যানহাটনের প্রাণকেন্দ্র দিয়ে যায়। এই উৎসব যুক্তরাষ্ট্রে ছুটির কেনাকাটার মৌসুমেরও সূচনা করে। আয়োজকেরা জানিয়েছেন, একই বেলুন ও ফ্লোট এবং মূল তারকাদের বেশির ভাগই প্যারেডে অংশ নেবেন।
অন্যত্র, দক্ষিণে টেনেসি ভ্যালি পর্যন্ত ভেজা তুষার পড়েছে এবং উত্তর নিউ ইংল্যান্ডজুড়ে জমাট বৃষ্টি হয়েছে। মধ্যপশ্চিমের ওহাইও ভ্যালি ও নিম্ন গ্রেট লেকস এলাকায় ঠান্ডা বৃষ্টির খবর পাওয়া গেছে।
পূর্ব যুক্তরাষ্ট্রজুড়ে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হলেও জাতীয় আবহাওয়া সেবা সতর্ক করেছে, ‘এই বিশাল সিস্টেমটি দুর্বল হতে কিছুটা সময় নেবে।’ সংস্থাটি আরও জানিয়েছে, পূর্ব উপকূলে ঝড় আনা নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরে যেতে থাকবে, ‘শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি ও বিচ্ছিন্ন জমাট বৃষ্টিপাত চলতে পারে।’
নিউ জার্সি থেকে ভার্জিনিয়া পর্যন্ত কয়েকটি অঙ্গরাজ্যে উপকূলীয় বন্যা সতর্কতাও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়লেও শুক্রবার সন্ধ্যায় তা কমে ২ লাখ ৬৪ হাজারে নেমে আসে, কর্মীরা বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করছেন বলে পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে। সবচেয়ে বেশি বিদ্যুৎহীন ছিল পেনসিলভানিয়ায়, এরপর মিসৌরিতে।
শুক্রবারও কিছু ফ্লাইট বিঘ্ন রয়ে গেছে। ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটঅ্যাওয়্যারের হিসাবে, প্রায় ১ হাজার ৬০০ ফ্লাইট বিলম্বিত এবং ৫০০-র বেশি বাতিল হয়েছে।
দক্ষিণ যুক্তরাষ্ট্রে, থ্যাংকসগিভিংয়ে বৃষ্টি হালকা তুষারে রূপ নেওয়ার পর টেনেসির একাংশে শুক্রবার ২ দশমিক ৫ সেন্টিমিটার (এক ইঞ্চি) পর্যন্ত তুষারের জন্য শীতকালীন ঝড় সতর্কতা জারি ছিল।
মধ্যপশ্চিমে পরিস্থিতি আগের দিনের তুলনায় শান্ত ছিল, যখন পূর্ব মিসৌরিতে ৩৮ সেন্টিমিটার (১৫ ইঞ্চি) পর্যন্ত তুষার পড়েছিল। তবে আবহাওয়া সেবা জানিয়েছে, মন্টানা ও ওয়াইওমিংয়ের কিছু অংশে এখনও ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে।
প্রশান্ত উপকূলে উচ্চ জোয়ারে তাড়িত ঢেউয়ে বন্যা হয়েছে এবং ট্রেন সেবা ব্যাহত হতে থাকে। ক্যালিফোর্নিয়া উপকূলে রেকর্ড জোয়ারের কারণে উত্তরে হামবোল্ট কাউন্টি থেকে লস অ্যাঞ্জেলেসের কাছে ভেনচুরা কাউন্টি পর্যন্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।



