পটুয়াখালীতে সাবেক জিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পটুয়াখালী জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানা-পুলিশের একটি দল পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় তাঁর ব্যাপক প্রভাব ছিল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।




