পেরুতে উদ্ধার অভিযানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ সেনা, বেঁচে গেলেন শুধু পাইলট

পেরুতে উদ্ধার অভিযানের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন সামরিক সদস্য নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি হলেন হেলিকপ্টারটির পাইলট।
কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি সানাবাম্বা শহরের কাছে বিধ্বস্ত হয়। সেখানে আপুরিমাক, এনে ও মানতারো নদীর উপত্যকা এলাকায় একটি সেনা টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে ছিল সেটি। স্প্যানিশ সংক্ষিপ্ত নাম ভ্রায়েম নামে পরিচিত এই এলাকাটি পেরুর সবচেয়ে বড় কোকা উৎপাদনকারী উপত্যকা, যেখানে মাদক চক্র এবং সাবেক শাইনিং পাথ বিদ্রোহী গোষ্ঠীর অবশিষ্টাংশ সক্রিয় রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে হেলিকপ্টারটি এবং তাতে থাকা নয়জন সামরিক সদস্যকে খুঁজে পাওয়া গেছে। মন্ত্রণালয় পাইলটের নাম এনজো এসপিনোজা রোকে বলে জানিয়েছে এবং বলেছে, বিশেষায়িত চিকিৎসার জন্য তাঁকে লিমায় সরিয়ে নেওয়া হয়েছে।
হেলিকপ্টারটি বৃহস্পতিবার রাতে নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তার আগে সেটি তিনজন সেনা সদস্যকে উদ্ধার করেছিল। ওই দলটিকে কেন উদ্ধার করতে হয়েছিল, সে বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি, তবে নিশ্চিত করা হয়েছে যে উদ্ধার পাওয়া ওই সদস্যরাও নিহতদের মধ্যে রয়েছেন।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পেরুর সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড অনলাইনে শোকবার্তা প্রকাশ করে বলেছে, সামরিক অভিযান পালনের সময় প্রাণ হারানো ভ্রায়েম স্পেশাল কমান্ডের সদস্যদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে দক্ষিণ পেরুতে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাতে থাকা ১৫ জনের সবাই নিহত হয়েছিলেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, কলম্বিয়ার পাশাপাশি পেরু বিশ্বের অন্যতম বৃহৎ কোকা পাতা ও কোকেন উৎপাদক দেশ।



