সাতক্ষীরায় সেনাসদস্য সেজে পাত্রী দেখতে গিয়ে যুবক আটক, জাল পরিচয়পত্র জব্দ
সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে আমির হামজা নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কথাবার্তার একপর্যায়ে তাঁর পরিচয় নিয়ে পাত্রীর পরিবারের সদস্যদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি সেনাবাহিনীর সদস্য নন।
আটক আমির হামজা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের বাসিন্দা। তিনি সেনাসদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পরানদহা গ্রামে পাত্রী দেখতে গিয়েছিলেন।
ঘটনার সময় পাত্রীর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে পরিচয় নিয়ে সন্দেহে পড়েন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সেনাবাহিনীর সদস্য নন বলে ধরা পড়ে। স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমির হামজাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর একটি জাল পরিচয়পত্র জব্দ করা হয়।
জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম আমির হামজা থাকলেও জাল পরিচয়পত্রে নাম ব্যবহার করা হয়েছে মিনাজ উদ্দীন। পুলিশ পরিচয়পত্রটির পাশাপাশি তাঁর একটি মুঠোফোনও জব্দ করেছে।
ঘটনার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন আমির হামজাকে ঘিরে ধরে তাঁর পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে নানা প্রশ্ন করছেন। সেনাবাহিনীর পরিচয়পত্রটি কোথা থেকে তৈরি করেছেন জানতে চাওয়া হলে তিনি জানান, স্থানীয় একটি কম্পিউটারের দোকান থেকে সেটি তৈরি করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটক যুবক দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




