১৫ বছর পর টেস্ট দল থেকে বাদ নাথান লায়ন, নিউজিল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দলে দুই নতুন মুখ

২০১১ সালে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়া দলে এক রকম ‘অটো চয়েস’ হয়ে গিয়েছিলেন নাথান লায়ন। এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লেন এই স্পিনার। তাঁকে বাদ দিয়ে দুই নতুন ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টানা ১৫ বছর খেলা লায়নের পরিবর্তে নেওয়া হয়েছে কোরি রচিচিওলিকে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেও রচিচিওলির লাল বলের ক্রিকেটে অভিজ্ঞতা কম নয়: প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯ ম্যাচে নিয়েছেন ২০৫ উইকেট। রচিচিওলির সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জ্যাক ক্লেটনও।
ক্লেটন জাতীয় দলে সুযোগ পেয়েছেন মূলত মারনাস লাবুশেনের জায়গায়। ধারাবাহিক পারফর্ম করতে না পারায় লাবুশেন অস্ট্রেলিয়া দলে জায়গা হারিয়েছেন। ক্লেটন চলমান শেফিল্ড শিল্ডে ৫ ম্যাচে ৭৪.৮৩ গড়ে করেছেন ৪৪৯ রান।
৫৭৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দুইয়ে আছেন লায়ন; সবার ওপরে থাকা প্রয়াত শেন ওয়ার্নের উইকেট ৭০৮। তবে সম্প্রতি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল। লায়নের সঙ্গে বাদ পড়েছেন মারনাস লাবুশেন, কুপার কনোলি ও বিউ ওয়েবস্টার।
প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের পেস বোলিংয়ে আছেন জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড, মাইকেল নেসার ও ক্যামেরন গ্রিন, যাঁদের মধ্যে নেসার ও গ্রিন পেস বোলিং অলরাউন্ডার। দলে আছেন দুই উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি। ব্যাটিংয়ে আছেন ট্রাভিস হেড, ম্যাট রেনশ ও স্টিভ স্মিথ; মিচেল স্টার্কও আছেন দলে।
ঘোষিত দলটি হলো: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, কোরি রচিচিওলি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক। শেফিল্ড শিল্ডের ষষ্ঠ রাউন্ড শেষে এই দলে আরও এক ক্রিকেটারকে যোগ করা হবে।
আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্টগুলো হবে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। এই সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।



