কলকাতায় লেনিন-মার্ক্সের নামে থাকা সড়কের নাম বদলের প্রস্তাব বিজেপি সরকারের কমিটির

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর কলকাতার রাস্তাঘাট ও মেট্রোস্টেশনের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। প্রথম দফায় শহরের ১৬টি রাস্তার পুরনো নাম বদলের পক্ষে প্রস্তাব দিয়েছে ১০ সদস্যের নামকরণ কমিটি। পাশাপাশি ১৫টি মেট্রোস্টেশনের নামও পাল্টানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
কলকাতার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যে গঠিত এই বিশেষ কমিটি গত শুক্রবার বৈঠকে বসে। বৈঠকে লেনিন সরণি, চৌরঙ্গি রোড, হো চি মিন সরণি, কার্ল মার্ক্স সরণি ও স্ট্র্যান্ড রোডের মতো পরিচিত সড়কগুলোর নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের নাম এলাকার নামের সঙ্গে মিলিয়ে বদলের বিষয়ে কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নেয়।
কমিটির প্রবীণ সদস্য ও বিজেপির সাবেক রাজ্য সভাপতি তথাগত রায় জানিয়েছেন, সাধারণ নাগরিকদের কাছ থেকে আসা প্রস্তাবের ভিত্তিতেই ১৬টি রাস্তার নাম বদলের কথা ভাবা হচ্ছে। তালিকায় রয়েছে বিশ্ববাংলা সরণি, পার্ক সার্কাস কানেক্টর, রাসবিহারী কানেক্টর, এলিয়ট রোড, পণ্ডিতিয়া রোড ও আহিরীটোলা স্ট্রিট।
তথাগত রায় বলেন, শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরম্পরা বজায় রাখতেই এই উদ্যোগ। তবে নতুন নাম চূড়ান্ত করার আগে কলকাতা পুরসভার গবেষক দলের মতামত নেওয়া হবে। আগামী ৯ ডিসেম্বর কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কয়েকটি রাস্তার নতুন নাম নিয়ে কমিটির সদস্যদের মধ্যে প্রাথমিক ঐকমত্য তৈরি হয়েছে। স্ট্র্যান্ড রোডের নাম পাল্টে রাজা শশাঙ্ক সরণি, বিশ্ববাংলা সরণির নাম বদলে সত্যেন বসু সরণি এবং সাবেক চৌরঙ্গি রোড বা জওহরলাল নেহরু রোডের নাম বদলে সর্দার বল্লভভাই প্যাটেল সরণি করার প্রস্তাব গুরুত্ব পেয়েছে।
তবে কয়েকটি সড়কের ক্ষেত্রে একাধিক নামের প্রস্তাব আসায় আরও আলোচনা দরকার বলে কমিটি জানিয়েছে। লেনিন সরণির জন্য দেবপ্রসাদ ঘোষ সরণি অথবা সৈয়দ মুজতবা আলী সরণি, হো চি মিন সরণির জন্য মার্টিন লুথার কিং সরণি অথবা অমর গোপাল বোস সরণি এবং কার্ল মার্ক্স সরণির জন্য কবি মধুসূদন সরণি অথবা কবি রঙ্গলাল সরণি নামের প্রস্তাব রয়েছে।
এসব সড়কের নামের পেছনে দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭০ সালে রুশ নেতা ভ্লাদিমির লেনিনের জন্মশতবর্ষ উপলক্ষে ধর্মতলা স্ট্রিটের নাম বদলে লেনিন সরণি রাখা হয়েছিল। খিদিরপুরের সার্কুলার গার্ডেন রিচ রোড ১৯৭১ সালে কার্ল মার্ক্স সরণি হিসেবে চিহ্নিত হয়। আর ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসক জন হার্বার্ট হ্যারিংটনের নামের হ্যারিংটন স্ট্রিট ভিয়েতনাম যুদ্ধের সময় সংহতি জানাতে তৎকালীন বাম সরকার হো চি মিন সরণি নামকরণ করেছিল।
মেট্রোস্টেশনের নাম বদলের যুক্তি হিসেবে কমিটি বলেছে, বর্তমান নামগুলো থেকে স্টেশনের সঠিক অবস্থান বোঝা যায় না। তাই ব্লু লাইনের নেতাজি ভবন স্টেশনের নাম ভবানীপুর, মহানায়ক উত্তম কুমার স্টেশনের নাম টালিগঞ্জ, নেতাজি স্টেশনের নাম কুঁদঘাট, মাস্টারদা সূর্য সেন স্টেশনের নাম বাঁশদ্রোণী এবং গীতাঞ্জলি স্টেশনের নাম নাকতলা করার প্রস্তাব গৃহীত হয়েছে।
রাজ্য সড়ক নামকরণ কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ বলেছেন, অরেঞ্জ লাইনের স্টেশনগুলোর ক্ষেত্রেও এলাকার নামের ভিত্তিতে একই ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাব বিবেচনার জন্য মেট্রোরেলের মহাব্যবস্থাপকের কাছে পাঠানো হবে।
তবে এই উদ্যোগ নিয়ে সমালোচনাও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশিষ্ট নাগরিক বলেছেন, রাস্তার নাম বদলালে সাধারণ মানুষের বিশেষ সুবিধা হয় না; বরং অফিস-কাছারি ও বসতবাড়ির ঠিকানা বদলের দীর্ঘ প্রক্রিয়ায় বিপুল অর্থ খরচ হয়, যার বোঝা শেষ পর্যন্ত নাগরিকের ওপরেই পড়ে। রাজ্যের গুরুতর সমস্যা অমীমাংসিত রেখে এমন বিষয়ে সরকারের সময় ও অর্থ ব্যয়ের উদ্যোগেরও কড়া সমালোচনা করছেন পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেরা।



