ফকল্যান্ডের তেল খনন থামাতে আর্জেন্টিনার আবেদন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে খারিজ

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল অনুসন্ধান প্রকল্প থামাতে আর্জেন্টিনার আবেদন খারিজ করে দিয়েছে জাতিসংঘ-সমর্থিত একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।
আর্জেন্টিনা সরকার প্রকল্পটি বন্ধের আহ্বান জানিয়ে বলেছিল, ব্রিটিশ বিদেশি অঞ্চল ফকল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে বিরোধ চলমান রয়েছে। যুক্তরাজ্য বারবার আর্জেন্টিনার এই দাবি প্রত্যাখ্যান করেছে।
শনিবার দেওয়া সিদ্ধান্তে আদালতের সভাপতি বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার রয়েছে বলে বিশ্বাস করার কোনো ভিত্তি আছে বলে মনে হয় না, কারণ ট্রাইব্যুনাল সার্বভৌমত্বের প্রশ্নে রায় দিতে পারে না।
সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারকেরা ১৮-৩ ভোটে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান করেন।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে অবস্থিত সি লায়ন তেলক্ষেত্রে আনুমানিক ১৭০ কোটি ব্যারেল তেল রয়েছে।
ব্রিটেনের রকহপার এক্সপ্লোরেশন এবং ইসরায়েলের নাভিতাস পেট্রোলিয়াম—এই দুই তেল কোম্পানি দুই বছরের মধ্যে তেলক্ষেত্রটি থেকে উত্তোলন শুরু করার কথা রয়েছে, যা দ্বীপগুলোর প্রায় ৩,৫০০ বাসিন্দার জন্য বিপুল রাজস্ব বয়ে আনতে পারে।
আর্জেন্টিনা সরকার দাবি করেছিল, বিরোধপূর্ণ সমুদ্র এলাকার সামুদ্রিক পরিবেশ আন্তর্জাতিক আইনে সুরক্ষিত।
২০১৩ সালের গণভোটে দ্বীপগুলোর বাসিন্দারা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ব্রিটিশ বিদেশি অঞ্চল হিসেবেই থাকার পক্ষে ভোট দেন—৯৯.৮ শতাংশ পক্ষে ভোট দেন এবং মাত্র তিনজন বিপক্ষে ভোট দেন।
১৯৮২ সালে আর্জেন্টিনার বাহিনী আঞ্চলিক দাবি জানাতে ফকল্যান্ডে অবতরণ করলে ৭৪ দিনের যুদ্ধ শুরু হয় এবং ব্রিটিশ সামরিক টাস্ক ফোর্স তাদের হটিয়ে দেয়। ওই সংঘাতে ২৫৫ জন ব্রিটিশ সামরিক সদস্য, তিনজন দ্বীপবাসী এবং ৬৪৯ জন আর্জেন্টিনার সামরিক সদস্য নিহত হন।




