নিজেদের টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ বানাচ্ছেন মির্জাপুরের কামারপাড়ার বাসিন্দারা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাওয়ায় গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ।
গ্রামবাসী সূত্রে জানা যায়, কামারপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে কোনো খেলার মাঠ নেই; ফলে শিশু-কিশোর ও তরুণেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। চলতি বছরের শুরুতে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতির সময় গ্রামে একটি খেলার মাঠ নির্মাণের আলোচনা শুরু হয়। পরে গ্রামের কয়েকজন উদ্যোগী ব্যক্তি সবাইকে নিয়ে মাঠ নির্মাণের পরিকল্পনা করেন।
এ উদ্যোগে গ্রামের ধনী-গরিব নির্বিশেষে ১৪০ জন বাসিন্দা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কেউ ১০, ৫, ২ কিংবা ১ শতাংশ জমির সমপরিমাণ মূল্য দিয়েছেন; আবার কেউ ১০ হাজার, ৫ হাজার, ১ হাজার টাকাসহ সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে অংশ নিয়েছেন। সবার সম্মিলিত অর্থায়নে গ্রামের দক্ষিণপাড়ার লেবুবাগান এলাকায় আব্দুর রাজ্জাকের ৯৮ শতাংশ জমি কেনা হয়েছে।
উদ্যোক্তা মঞ্জুরুল কাদের মাস্টার বলেন, ৩৬ লাখ ২৬ হাজার টাকায় ৯৮ শতাংশ জমি কেনা হয়েছে; রেজিস্ট্রি খরচসহ মোট ব্যয় হবে প্রায় ৪০ লাখ টাকা। জমি রেজিস্ট্রি উপলক্ষে আগামীকাল রোববার সকালে বাদ্যযন্ত্র বাজিয়ে ঘোড়ার গাড়ি ও মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরের সাবরেজিস্ট্রি অফিসে যাবেন গ্রামবাসী। রেজিস্ট্রি শেষে সেখানে জাতীয় পতাকা উড়িয়ে মাঠের ঘোষণা দেওয়া হবে।
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, গ্রামের হাজী মিনহাজ উদ্দিন ১০ শতাংশ, হাজী দরবেশ আলী ১০ শতাংশ, প্রয়াত চেয়ারম্যান তোতা মিয়ার পরিবার ১০ শতাংশ, আব্দুর রাজ্জাক ৫ শতাংশ, রহিম সিকদারের পরিবার ৫ শতাংশ, সাইদুল মাস্টার ৪ শতাংশ এবং মো. জিন্না তালুকদার ৩ শতাংশ জমির মূল্য দিয়ে সহযোগিতা করেছেন। এ ছাড়া অনেকে ১ থেকে ২ শতাংশ জমির মূল্যসহ নগদ অর্থ দিয়েছেন।
উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান, শিক্ষক নেতা মঞ্জুরুল কাদের মাস্টার, গ্লোবাল ট্যুরিজমের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্যবসায়ী মো. আশিকুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, আশা সংস্থার ডেপুটি ডিরেক্টর আসলাম সিকদার, এ কে আজাদ, আসাদুজ্জামান সিকদার, প্রকৌশলী কাওসার আহমেদ, রাসেল মাহমুদ, আকিব আসলাম ও শামীম মিয়াসহ অনেকে।
গ্রামের বাসিন্দা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম বলেন, এ মাঠে খেলাধুলার চর্চা হলে কিশোর-তরুণেরা সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে; তারা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে। তিনি ও তাঁর পরিবার এ মহতী উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত।




