ইসরায়েল-গাজা ইস্যু ও মতাদর্শিক পরিবেশ মাপছে যুক্তরাষ্ট্রের নতুন কলেজ র্যাংকিং

যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয় মূল্যায়নের পদ্ধতি নিয়ে নতুন বিতর্কের মধ্যে একটি নতুন র্যাংকিং ব্যবস্থা চালু করেছে ম্যানহাটন ইনস্টিটিউটের সাময়িকী সিটি জার্নাল। এই র্যাংকিংয়ে ১১৫টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়কে ২৬টি শ্রেণিতে মোট ৯৫টি চলকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে, যেখানে ক্যাম্পাস প্রশাসন, শিক্ষা অভিজ্ঞতা, শিক্ষার্থীজীবন ও কর্মজীবনের ফলাফল বিবেচনায় নেওয়া হয়েছে।
ম্যানহাটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, লং বিচের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কেভিন ওয়ালস্টেন ফক্স নিউজ ডিজিটালকে বলেন, র্যাংকিংয়ের প্রথম সংস্করণ তৈরির সময়ই ইসরায়েল, গাজা ও ফিলিস্তিন-সংক্রান্ত বিষয়গুলো বড় ইস্যু ছিল এবং সেগুলো মাপার জন্য তাদের বেশ কয়েকটি পরিমাপক রয়েছে। তাঁর মতে, এসব বিষয় শুধু নিজের গুরুত্বের কারণেই নয়, ক্যাম্পাসের সংস্কৃতি ও শিক্ষার্থীদের মুখোমুখি হতে যাওয়া বুদ্ধিবৃত্তিক পরিবেশ সম্পর্কেও ধারণা দেয়।
ওয়ালস্টেনের যুক্তি, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের কলেজ র্যাংকিংয়ের প্রধান মানদণ্ড হয়ে থাকা ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের পদ্ধতিতে ভর্তির বাছাইপ্রক্রিয়া ও স্নাতক হওয়ার হারের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়, কিন্তু স্নাতক পর্যায়ের পূর্ণ অভিজ্ঞতা, যার মধ্যে বুদ্ধিবৃত্তিক বৈচিত্র্যও রয়েছে, তা ধরা পড়ে না।
২০২৬ সালের এই র্যাংকিংয়ে কোনো প্রতিষ্ঠানই ১০০ নম্বরের মধ্যে ৮০-এর বেশি পায়নি; প্রতিষ্ঠানগুলোর গড় নম্বর মাত্র ৫০। তালিকার শীর্ষে রয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন, যা সাধারণত ইউএস নিউজের তালিকার শীর্ষে থাকা আইভি লিগ প্রতিষ্ঠানগুলো ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিকে পেছনে ফেলেছে।
ওয়ালস্টেন বলেন, এই প্রতিবেদনের উদ্দেশ্য শিক্ষার্থী ও তাদের পরিবারকে কলেজ বাছাইয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া এবং আইনপ্রণেতাদের হাতে বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহির আওতায় আনার মতো তথ্য তুলে দেওয়া। তাঁর ভাষায়, অভিভাবকেরা জানতে চান সন্তান কোন ক্যাম্পাসে গেলে বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিকভাবে কী পরিবেশ পাবে—পরিবেশটি একমুখী হবে, নাকি ভারসাম্যপূর্ণ ও স্বাগত জানানোর মতো হবে।
গাজা যুদ্ধ নিয়ে ক্যাম্পাস বিক্ষোভের পর এই বিতর্ক আরও তীব্র হয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি, কলম্বিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিশিগানে বিক্ষোভ ও তাঁবু অবস্থানকে কেন্দ্র করে ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া নজরদারি শুরু হয়।
২০২৫ সালের মার্চে ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ দমনে ব্যর্থতার অভিযোগে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া ইউনিভার্সিটির ৪০ কোটি ডলারের কেন্দ্রীয় অনুদান ও চুক্তি বাতিল করে। পরে ২০২৫ সালের জুলাইয়ে ওই অভিযোগ নিষ্পত্তিতে প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় সরকারের সঙ্গে ২০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছায়।
২০২৫ সালের ১৫ জুলাই মার্কিন প্রতিনিধি পরিষদের শিক্ষা ও কর্মশক্তি কমিটি উচ্চশিক্ষায় ইহুদিবিদ্বেষ ও মতাদর্শ নিয়ে শুনানি করে, যেখানে জর্জটাউন ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাদের সাক্ষ্য দিতে ডাকা হয়।
২০২৫ সালের ১০ সেপ্টেম্বর ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে টার্নিং পয়েন্ট ইউএসএর সহপ্রতিষ্ঠাতা চার্লি কার্ক নিহত হওয়ার পর সংগঠনটি জানায়, স্থানীয় শাখা খুলতে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে তারা এক লাখ ২০ হাজারের বেশি অনুসন্ধান পেয়েছে; সংগঠনটির দাবি, এসব শাখার অনেকগুলোই ক্যাম্পাসে কার্যক্রম শুরু করতে গিয়ে প্রশাসনিক বাধার মুখে পড়েছে।
দীর্ঘদিনের ইউসি বার্কলি অধ্যাপক জন ইউ সম্প্রতি ফক্স নিউজ ডিজিটালকে জানিয়েছেন, ক্রমবর্ধমান মতাদর্শিক অসহিষ্ণুতা ও শিক্ষার মানের অবনতির কথা উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে টেক্সাসে যাচ্ছেন। ওয়ালস্টেনের মতে, গাজা যুদ্ধ নিয়ে ক্যাম্পাস বিক্ষোভ এসব প্রবণতাকে আরও বাড়িয়ে তুলেছে।




