দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, লস অ্যাঞ্জেলেসে দমকলের ‘আর্থকোয়েক মোড’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শনিবার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ম্যানহাটন বিচ শহরের ৬ কিলোমিটার পশ্চিমে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ভবন ধস বা হতাহতের প্রাথমিক খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই বিভাগটি ‘আর্থকোয়েক মোড’ চালু করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। এই অবস্থায় শহরের ১০৬টি ফায়ার স্টেশনের কর্মীরা নিজ নিজ এলাকায় স্থল, আকাশ ও জলপথে জরিপ চালান।
এলএএফডি বলেছে, লস অ্যাঞ্জেলেসের ৪৭০ বর্গমাইল এলাকাজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থানীয় উদ্বেগের জায়গাগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।
ভূমিকম্পটি শনিবার আঘাত হানার পর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এটি একটি চলমান ঘটনা হিসেবে আরও তথ্য জানার অপেক্ষা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




