৪৮ ঘণ্টার লকডাউনের আগে ১০ জেলায় নাশকতা, নভেম্বরে ২১৩ ঘটনায় উদ্বেগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে সহিংসতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ধারণা, ডিসেম্বর সামনে রেখে দলটির কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হবে।
রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির আগে শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ অন্তত ১০টি জেলায় নাশকতার ঘটনা ঘটে। কোথাও আগুন দেওয়া হয়েছে বাস-ট্রেনে, কোথাও পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্র, রাজনৈতিক নেতাদের বাড়িতে। হামলার লক্ষ্যবস্তু হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ ব্যারাকও।
রাজধানীর মালিবাগ, মগবাজার ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির কয়েকটি আসন ও জানালা পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন-মালিকেরা। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় শনিবার বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে বিকল্প হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে সরকার। জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি শনিবার সাংবাদিকদের বলেন, 'আমরা বদ্ধপরিকর, দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারাকে আমরা নস্যাৎ করে দেব।' সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা এবং শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা চলছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যারা সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, তারা দেশের দুই-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও মশালমিছিল করেছে বলে তিনি শুনেছেন ও দেখেছেন; এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ৮ নভেম্বর থেকে ঢাকা, গাজীপুর, চট্টগ্রামসহ ১৩ জেলায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ২১৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হন।
পুলিশের হিসাবে, এ সময় ককটেল ও বোমা বিস্ফোরণের ১২১টি এবং যানবাহনে অগ্নিসংযোগের ৯৯টি ঘটনা ঘটেছে। একই সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। পুলিশের স্থাপনা ও গাড়িতে হামলা এবং ককটেল নিক্ষেপের ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামরুন নাহার মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি, টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও বিশেষ নজরদারি করা হচ্ছে।
২০২৪ সালে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর এক মাসের বেশি সময় ধরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় ব্যাপক সহিংসতা হয়। জেলার দুই থানা ও বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়। নড়াইলের কালিয়ায় বিএনপির দুই কর্মীকে হত্যার পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মাঝের কয়েক দিন বোমা বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা কমলেও নতুন কর্মসূচি ঘিরে আবারও সহিংসতা শুরু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার সাতটি স্থানে বোমা বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


