ভোরের ফ্লাইটের আগে রাতের ঢাকায় রিকশায় ঘুরলেন রোমানিয়ার পপ গায়িকা ওটিলিয়া

শনিবার রাতের ঢাকা। দিনের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে, সড়কে যানবাহন ও মানুষের চলাচলও কম। গুলশানের উত্তরাংশের সড়ক ধরে এগিয়ে চলছিল একটি রিকশা, তাতে বসে ছিলেন রোমানিয়ার পপ গায়িকা ওটিলিয়া। কয়েক ঘণ্টা পরই ভোর চারটার ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি; তার আগে রাতের শহরটাকে একটু কাছ থেকে দেখতে গাড়ির বদলে ঢাকার ঐতিহ্যবাহী বাহন রিকশাই বেছে নিলেন তিনি।
শনিবার রাতে গুলশানের বিভিন্ন সড়কে রিকশায় ঘুরে বেড়ান ওটিলিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্সের নাইম আশরাফ। আলোঝলমলে সড়ক, রাস্তার দুই পাশের ভবন আর রাতের ঢাকার পরিবেশ—সব মিলিয়ে এই রিকশাভ্রমণ ওটিলিয়ার এবারের বাংলাদেশ সফরে যোগ করল অন্য রকম এক অভিজ্ঞতা।
রিকশায় চড়ার আগে আলাপচারিতায় বাংলাদেশ সফরের অনুভূতি জানান ওটিলিয়া। তিনি বলেন, দারুণ একটি অনুষ্ঠান শেষে দেশে ফিরতে ভালো লাগছে; আবারও বাংলাদেশে আসতে চান তিনি। এ দেশের মানুষের ভালোবাসা তাঁর অনেক দিন মনে থাকবে।
রিকশায় বসেও নিজের অনুভূতি প্রকাশ করেন এই গায়িকা। বিদায়ের আগে বাংলাদেশের ভক্তদের উদ্দেশে ওটিলিয়া বলেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক মিস করব। রিকশায় চড়াও মিস করব।’
চার বছর পর এবার বাংলাদেশে এসেছেন ‘বিলিয়নেরা’খ্যাত এই গায়িকা। এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন তিনি। এবারের সফরের উপলক্ষ ছিল ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট।
২৭ নভেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত এই কনসার্টে গান পরিবেশন করেন ওটিলিয়া। একই মঞ্চে গান পরিবেশন করেন ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এবং লেভেল ফাইভ।
‘বিলিয়নেরা’ গান দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া ওটিলিয়ার পরিবেশনা ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যেও ছিল বাড়তি আগ্রহ। শুক্রবার রাত কেটেছে মঞ্চে গান গেয়ে, দর্শকদের মাতিয়ে। আর শনিবার রাতে তিনি বেরিয়ে পড়লেন ঢাকার সড়কে, রিকশায় চেপে।
কনসার্টের উচ্ছ্বাস, ভক্তদের ভালোবাসা আর রাতের ঢাকায় রিকশাভ্রমণের স্মৃতি—সবই এবার সঙ্গে নিয়ে দেশে ফিরছেন ওটিলিয়া। বিদায়ের আগে জানিয়ে গেলেন, আবারও আসতে চান বাংলাদেশে।




