পালক শিশুদের সঞ্চয় হিসাব: ডেমোক্র্যাট গভর্নরদের ‘রাজনীতির ঊর্ধ্বে শিশুদের রাখার’ আহ্বান মেলানিয়া ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পালক শিশুদের (ফস্টার কেয়ার) জন্য সঞ্চয় হিসাব খোলার তাঁর পরিকল্পনায় যোগ দিতে ২২ জন ডেমোক্র্যাট গভর্নরের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সব রিপাবলিকান গভর্নর এই উদ্যোগে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে ডেমোক্র্যাটদের মধ্যে যোগ দিয়েছেন মাত্র দুজন।
মেলানিয়া ট্রাম্প লিখেছেন, ‘কোটি কোটি আমেরিকান এমন অঙ্গরাজ্যে বাস করেন, যেগুলো ফস্টারিং দ্য ফিউচার অ্যাকাউন্ট খোলার প্রতিশ্রুতি দেয়নি। সব রিপাবলিকান গভর্নর তাঁদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। “ব্লু” অঙ্গরাজ্যগুলোর মধ্যে যোগ দিয়েছেন শুধু হাওয়াইয়ের ডেমোক্র্যাট গভর্নর জশ গ্রিন এবং কলোরাডোর জ্যারেড পোলিস।’
তিনি আরও লিখেছেন, ‘একজন পালক শিশুর আর্থিক ভবিষ্যৎ কখনোই ভূগোল বা রাজনীতির ওপর নির্ভর করা উচিত নয়। আমেরিকার পালক শিশুরা সব ৫০ জন গভর্নরের সমর্থন পাওয়ার যোগ্য।’ বাকি গভর্নরদের উদ্দেশে তিনি ‘আমেরিকার শিশুদের রাজনীতির ঊর্ধ্বে রাখার’ আহ্বান জানান।
মেলানিয়া ট্রাম্প ২০২১ সালে তাঁর ‘বি বেস্ট’ প্রচারের আওতায় বৃত্তি কর্মসূচি হিসেবে ‘ফস্টারিং দ্য ফিউচার’ উদ্যোগটি প্রথম চালু করেন। ২০২৫ সালে তিনি এটিকে একটি ফেডারেল ও বৈশ্বিক উদ্যোগে সম্প্রসারিত করেন; ওই বছরের সেপ্টেম্বরে শৈশব শিক্ষাকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের মতো উদীয়মান প্রযুক্তির সঙ্গে যুক্ত করার লক্ষ্যে একটি বৈশ্বিক জোটের ঘোষণা দেন তিনি।
২০২৫ সালের নভেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ফস্টারিং দ্য ফিউচার ফর আমেরিকান চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ’ নির্বাহী আদেশে সই করেন। এর লক্ষ্য ছিল শিশুকল্যাণ ব্যবস্থার আধুনিকায়ন এবং ফার্স্ট লেডির উদ্যোগের পক্ষে বিভিন্ন সংস্থার মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা।
চলতি বছরের জুনে মেলানিয়া ট্রাম্প ‘ফস্টারিং দ্য ফিউচার অ্যাকাউন্ট’ চালুর ঘোষণা দেন। এর আওতায় অঙ্গরাজ্যগুলো পালক শিশুদের জন্য ফেডারেল সমর্থিত, কর-সুবিধাযুক্ত অভিভাবকত্ব হিসাব খুলতে পারবে, যা শিশুর বয়স ১৮ বছর পূর্ণ হলে প্রচলিত আইআরএ (ব্যক্তিগত অবসর হিসাব) হিসেবে রূপান্তরিত হবে।
ঘোষণার সময় ফার্স্ট লেডি বলেন, ‘ফস্টারিং দ্য ফিউচার অ্যাকাউন্ট পালক শিশুদের অন্য প্রতিটি আমেরিকান শিশুর মতোই সম্পদের মালিকানা এবং দীর্ঘমেয়াদি সম্পদ গড়ার সমান সুযোগ দেয়। আমাদের পালক তরুণদের ওপর এখন বিনিয়োগ করলে আমরা আমেরিকার কর্মশক্তি, সম্প্রদায় ও অর্থনৈতিক ভবিষ্যৎ শক্তিশালী করতে সাহায্য করি।’
যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যে রিপাবলিকান গভর্নর রয়েছেন। এখনো ২২টি অঙ্গরাজ্য ফার্স্ট লেডির নেতৃত্বাধীন এই কর্মসূচি ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেনি।
এ বিষয়ে মন্তব্যের জন্য ফার্স্ট লেডির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছে ফক্স নিউজ ডিজিটাল।




