প্যারাগুয়েতে ব্যাংক ধসের জেরে সাবেক অর্থমন্ত্রী আটক, প্রেসিডেন্ট অপসারিত
প্যারাগুয়ের ধসে পড়া উয়েনো ব্যাংকের সঙ্গে জড়িত আর্থিক অপরাধের অভিযোগে দেশটির সাবেক অর্থমন্ত্রী কার্লোস ফার্নান্দেজ ভালদোভিনোস আটক হয়েছেন। শুক্রবার তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
ভালদোভিনোস দেশটির সর্বশেষ সাবেক কর্মকর্তা, যিনি অন্যতম বৃহৎ ব্যাংকটির ধসের পর গ্রেপ্তার হলেন। এই সংকটের জেরে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা অভিশংসিত হয়েছেন; আরও কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তার সঙ্গে তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির দেখা গ্রেপ্তারি পরোয়ানায় ৬১ বছর বয়সী ভালদোভিনোসের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে প্রশাসনিক অপরাধমূলক কর্মকাণ্ড, গুরুতর প্যাসিভ ঘুষ, অপরাধী সংঘবদ্ধতা ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।
সরকারি কৌঁসুলির কার্যালয়ের অভিযোগ, গত বছরের জুলাইয়ে মন্ত্রী থাকাকালে ভালদোভিনোস পেনশন তহবিলের কোটি কোটি ডলার উয়েনো ব্যাংকে স্থানান্তরের অনুমোদন দিয়েছিলেন।
তিনি আগস্টে দপ্তর ছাড়েন। এরপর তিনি উয়েনো ব্যাংক নিয়ন্ত্রণকারী ব্যবসায়ী গ্রুপের সঙ্গে কোটি ডলারের একটি পরামর্শক চুক্তি সই করেন। কৌঁসুলিদের ধারণা, লাভজনক এই চুক্তির সঙ্গে পেনশন তহবিল স্থানান্তরের যোগসূত্র থাকতে পারে।
সংকটের সূত্রপাত ৩ নভেম্বর, যেদিন প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংক উয়েনোকে দেউলিয়া ঘোষণা করে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। এতে প্রায় ৩০ লাখ গ্রাহকের অ্যাকাউন্টের কার্যক্রম স্থগিত হয়ে যায়।
ধসের আগের মাসগুলোতে উয়েনোর কাছে ছিল প্রায় ৮৫ কোটি ডলারের সরকারি অর্থ, যার মধ্যে অবসর পেনশনের টাকাও ছিল। ফলে মানুষ তাঁদের সঞ্চয়, মজুরি ও পেনশনের অর্থ তুলতে গিয়ে বিপাকে পড়েন এবং সরকারি অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠে।
এই কেলেঙ্কারিতেই পেনার প্রেসিডেন্ট পদের ইতি ঘটে। প্যারাগুয়ের রাজনীতির প্রধান শক্তি রক্ষণশীল কলোরাডো পার্টির সদস্য পেনার রাজনৈতিক মিত্ররাই ঋণদাতা প্রতিষ্ঠানটির ধসের পর তাঁর কাছ থেকে দূরে সরে যান।
পদত্যাগের চেষ্টা প্রত্যাখ্যাত হওয়ার পর কংগ্রেস অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেয় এবং ৬ নভেম্বর পেনাকে পদ থেকে অপসারণ করা হয়।
পেনার প্রেসিডেন্ট আমলে ব্যাংকটি একটি আর্থিক প্রযুক্তি কোম্পানি থেকে দ্রুত বড় প্রতিষ্ঠানে পরিণত হয়; এটি রাষ্ট্রীয় পেনশন ও কয়েকটি সরকারি সংস্থার অ্যাকাউন্ট পরিচালনা করত।
পেনার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের অবস্থান ব্যবহার করে কোটি কোটি ডলার সরকারি অর্থ উয়েনোতে পাঠিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ ঋণচর্চার সতর্কতা সত্ত্বেও ব্যাংকটির আর্থিক সমস্যা গোপন বা হালকা করে দেখিয়েছেন; ব্যাংকটির সঙ্গে তাঁর আর্থিক সম্পর্কও ছিল। পেনা অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি গত বছর তাঁর শেয়ার বিক্রি করে দিয়েছেন।


