হার্ভার্ডে ক্যাথলিক ধর্ম গ্রহণের ঢল, গত বছর যোগ দিয়েছেন ৪০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্যাথলিক ধর্ম গ্রহণের প্রবণতা বাড়ছে। হার্ভার্ডের ধর্মযাজক রেভারেন্ড নাথানিয়েল স্যান্ডার্স বলেছেন, গত বছর ৪০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক বাপ্তিস্ম নিয়েছেন অথবা ক্যাথলিক চার্চে গৃহীত হয়েছেন, আর এ বছর অন্তত ৬০ জন যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকেন্ড’ অনুষ্ঠানে স্যান্ডার্স ও সম্প্রতি ধর্মান্তরিত নোলান লিয়েস ক্যাম্পাসে এই প্রবণতা এবং তরুণদের কাছে এর তাৎপর্য নিয়ে কথা বলেন। স্যান্ডার্স বলেন, তাঁর দৃঢ় বিশ্বাস, অনেক তরুণ-তরুণীর হৃদয়ে ‘পবিত্র আত্মা কাজ করছেন’।
স্যান্ডার্স বলেন, জনপ্রিয় সংস্কৃতি ও সমাজে বিকল্পের অভাব কিংবা অর্থের অভাব রয়েছে, যেখানে চার্চ এসে মানুষকে বলতে পারে—তাদের অস্তিত্ব ভালো, তাদের জীবন ভালো, তারা মহত্ত্বের জন্যই সৃষ্ট। তিনি বলেন, চার্চ আত্মবিশ্বাসের সঙ্গে এ কথা বললে মানুষ সেদিকে আকৃষ্ট হয়।
স্যান্ডার্সের মতে, এই বৃদ্ধি চার্চের কয়েক দশকের প্রস্তুতির ফলও বটে। তিনি বলেন, ঠিক কী ঘটছে তা তিনি জানেন না, তবে এটি সেই দীর্ঘ প্রস্তুতির ফসল, যার মাধ্যমে চার্চ আবার সাহসের সঙ্গে সত্য বলতে শুরু করার ভিত তৈরি করেছে।
সম্প্রতি ধর্মান্তরিত নোলান লিয়েস বলেন, চার্চ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান গ্রহণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঘরের মতো অনুভূতি দেয়। তিনি বলেন, ধর্মীয় আচারগুলো বাস্তব কিছু দেয়; তিনি ‘ফাদার নেট’-এর কাছে স্বীকারোক্তি দিতে পারেন, প্রার্থনাসভায় যেতে পারেন এবং অনুভব করতে পারেন যে খ্রিস্ট তাঁর মধ্য দিয়ে কাজ করছেন।
লিয়েস আরও বলেন, পড়াশোনা আর পাঠ্যক্রমবহির্ভূত কাজের ব্যস্ত সময়সূচির মধ্যে ক্যাম্পাসে থাকা অনেক শিক্ষার্থীর জন্য এই অনুভূতি স্বস্তিদায়ক—তারা নিজেদের ঘরে আছেন এবং খ্রিস্টের সঙ্গে আছেন বলে মনে করেন।
এই ঢলের কারণে হার্ভার্ডের ক্যাথলিক সম্প্রদায়ের জায়গা এখন আর কুলোচ্ছে না। স্যান্ডার্স এই সমস্যাগুলোকে ‘ভালো সমস্যা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈশভোজে এখন ভিড় উপচে পড়ছে, শুধু দাঁড়িয়ে খাওয়ার টেবিল রয়েছে এবং জায়গা ফুরিয়ে গেছে।
স্যান্ডার্স বলেন, যারা জন্মসূত্রে ক্যাথলিক, তাদের কাছেও চার্চকে পৌঁছাতে হবে, যাতে নতুন ধর্মান্তরিতদের আকৃষ্ট করা গভীরতা তারাও অনুভব করতে পারে। তাঁর ভাষায়, ধর্মান্তরিতরা বিশ্বাসের মধ্যে যে নতুনত্ব ও গভীরতা খুঁজে পান, তা আকর্ষণীয়; সেই একই বাস্তবতা অনুশীলন না করা জন্মসূত্রের ক্যাথলিকদেরও দিতে হবে, যাতে তারা বুঝতে পারে এখানে গভীর ও সমৃদ্ধ কিছু রয়েছে।




