বন্ডি সৈকতে বন্দুকধারীকে নিরস্ত্র করা আহমেদ আল-আহমেদ পেলেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বেসামরিক সাহসিকতার সম্মান

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে হামলার সময় এক বন্দুকধারীকে জাপটে ধরে নিরস্ত্র করা আহমেদ আল-আহমেদকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সাহসিকতার সম্মান ‘ক্রস অব ভ্যালর’ দেওয়া হয়েছে। গভর্নর জেনারেল স্যাম মোস্টিন তাঁকে এই সম্মাননা দেন।
২০২৫ সালের ডিসেম্বরে বন্ডি সৈকতে ওই হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলার জন্য দায়ী দুই বন্দুকধারীর একজনের দিকে ছুটে যান আল-আহমেদ, তাঁকে মাটিতে ফেলে দেন এবং তাঁর অস্ত্র কেড়ে নেন।
আল-আহমেদ অস্ত্রটি কেড়ে নেওয়ার পর অন্য বন্দুকধারী তাঁর দিকে গুলি চালান। এতে তিনি একাধিক গুলির আঘাত পান।
ওই হামলায় ১৫ জন নিহত হন। হামলাকারীদের একজন সাজিদ আকরাম (৫০) ঘটনাস্থলেই গুলিতে নিহত হন। তাঁর ছেলে নাভিদ আকরাম (২৪) আহত হন এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
১৯৭৫ সালে এই সম্মাননা চালু হওয়ার পর থেকে আল-আহমেদ মাত্র ষষ্ঠ ব্যক্তি হিসেবে ক্রস অব ভ্যালর পেলেন। এর আগে সবশেষ এই সম্মান পেয়েছিলেন টিমোথি ব্রিটেন ও রিচার্ড জয়েস, যাঁরা ২০০২ সালে বালি বোমা হামলার সময় জ্বলন্ত সারি ক্লাবের ভেতরে ছুটে গিয়েছিলেন।
আল-আহমেদ বলেছেন, বিপদের দিকে ছুটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে তিনি যে ভয় পেয়েছিলেন, সেই কথা তিনি এখনো ভাবেন; তবে তাঁর ভেতরের শক্তি তাঁকে সেই ভয় সামলাতে সাহায্য করে। তিনি বলেন, ‘আমার বার্তা হলো—ঐক্যের বিষয়ে এবং একে অপরের যত্ন নেওয়ার বিষয়ে আমাদের যত্নশীল হতে হবে।’ তিনি আরও বলেন, ‘অশুভ শক্তি আমাদের বিভক্ত করতে এসেছিল, কিন্তু আল্লাহর রহমতে আমি ঠিক সময়ে ঠিক জায়গায় ছিলাম।’
হামলায় নিহত ১৫ জনের মধ্যে তিনজনকেও সাহসিকতার সম্মাননা দেওয়া হয়েছে, তাঁদের এই সম্মান মরণোত্তরভাবে দেওয়া হয়। তাঁদের একজন রিউভেন মরিসন পেয়েছেন ‘ব্রেভারি মেডেল’।
মরিসন ‘চানুকাহ বাই দ্য সি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুলির শব্দ শুরু হলে তিনি সেই বন্দুকধারীর মুখোমুখি হন, যাঁকে আল-আহমেদ নিরস্ত্র করেছিলেন। বন্দুকধারীর দিকে একটি বস্তু ছুড়ে মারার পর কাছের একটি গাছের আড়ালে আশ্রয় নেওয়ার চেষ্টা করার সময় তিনি গুলিতে নিহত হন।
মরিসনের মেয়ে শেইনা গুটনিক বলেন, তাঁর বাবা প্রিয়জনদের জন্য ছিলেন অত্যন্ত কঠোর রক্ষক। তিনি বলেন, সেদিন চানুকাহ উদ্যাপনে উপস্থিত সবাই তাঁর বাবার সুরক্ষার ছাতার আওতায় ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তিনি আসলে কেমন মানুষ ছিলেন। গুটনিক আরও বলেন, সাহসী কাজগুলোকে আনুষ্ঠানিক সম্মান দিয়ে স্বীকৃতি দেওয়া সব অস্ট্রেলীয়র জন্য গুরুত্বপূর্ণ, যাতে নিঃস্বার্থ কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়।
বরিস গুরমান ও সোফিয়া গুরমানকে দেওয়া হয়েছে ‘স্টার অব কারেজ’। হামলাকারীদের নিরস্ত্র করতে সাহায্য করার চেষ্টায় তাঁরা এক বন্দুকধারীকে জাপটে ধরেন এবং দুজনই গুলিতে নিহত হন।
গভর্নর জেনারেল স্যাম মোস্টিন চার প্রাপকের অসাধারণ সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানান এবং তিনটি সম্মাননা মরণোত্তরভাবে দেওয়ার দুঃখের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘সব অস্ট্রেলীয় এই চার প্রাপকের উদাহরণে বিনম্র।’ তিনি গুরমান দম্পতি ও মরিসনের পরিবার এবং বৃহত্তর অর্থে ইহুদি সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানান।



