সাউথ ক্যারোলাইনা–ক্লেমসন ম্যাচে বেঞ্চ ছেড়ে মারামারি, শাস্তি পেলেন মাঠের সব খেলোয়াড়

যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবলে সাউথ ক্যারোলাইনা ও ক্লেমসনের ম্যাচে বেঞ্চ ছেড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ম্যাচের প্রতিটি খেলোয়াড়ের বিরুদ্ধেই আনস্পোর্টসম্যানলাইক কন্ডাক্টের শাস্তি ঘোষণা করেন রেফারিরা।
ঘটনার শুরু ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে। সাউথ ক্যারোলাইনার তারকা কোয়ার্টারব্যাক লানরিস সেলার্স টাচডাউনের জন্য দৌড়ে এন্ড জোনে ঢুকে প্রায় তিন কদম এগিয়ে যাওয়ার পর ক্লেমসনের ডিফেন্সিভ ব্যাক অ্যাশটন হ্যাম্পটন তাকে কাঁধে জোরালো আঘাত করেন। ২১ বছর বয়সী সেলার্সের ওপর এই দেরি করা আঘাতেই সাউথ ক্যারোলাইনার খেলোয়াড়দের ক্ষোভের সূত্রপাত।
সতীর্থের ওপর আঘাত দেখে সাউথ ক্যারোলাইনার খেলোয়াড়রা এন্ড জোনের পেছনে হ্যাম্পটনের দিকে ছুটে যান। সাউথ ক্যারোলাইনার অফেন্সিভ লাইনম্যান হ্যাংক পারভিস হ্যাম্পটনকে ধাক্কা দিলে ক্লেমসনের ডিফেন্সের খেলোয়াড়রা পারভিসকে ঘিরে ধরেন।
এরপর দুই দলের খেলোয়াড়রা দেয়ালের ধারে জড়াজড়িতে জড়িয়ে পড়েন। ক্লেমসনের ডিফেন্সিভ ট্যাকল কোর্টনি কেলিকে কয়েকটি ঘুষি ছুড়তেও দেখা যায়। মারামারি ছড়িয়ে পড়লে দুই দলের বেঞ্চের সব খেলোয়াড় মাঠে নেমে আসেন।
মারামারির জায়গাটি ক্লেমসনের দিকের কাছাকাছি থাকায় তাদের খেলোয়াড়রাই সংঘর্ষের মাঝখানে বেশি ছিলেন। বেঞ্চ থেকে ছুটে আসা সাউথ ক্যারোলাইনার বেশিরভাগ খেলোয়াড়কে পুলিশ ও কোচরা আটকে রাখেন।
রেফারিরা সংঘর্ষের মাঝখানে ঢুকে খেলোয়াড়দের আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শৃঙ্খলা ফিরে আসার পর ক্লেমসনের হ্যাম্পটন ও কেলি এবং সাউথ ক্যারোলাইনার পারভিসের বিরুদ্ধে আননেসেসারি রাফনেসের শাস্তি দেওয়া হয়।
প্রধান রেফারি অ্যাডাম সাভোই ঘোষণা করেন, আনস্পোর্টসম্যানলাইক কন্ডাক্টের শাস্তি ম্যাচের প্রতিটি খেলোয়াড়ের বিরুদ্ধেই প্রযোজ্য হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের এই ম্যাচে শেষ পর্যন্ত ক্লেমসন ২১–১৭ ব্যবধানে জয় পায়।



