সাহেলে প্রভাব ফিরে পেতে সামরিক সরকারগুলোর সঙ্গে সম্পর্ক গড়ছে ওয়াশিংটন, সামনে রাশিয়া-চীনের চ্যালেঞ্জ
নাইজার থেকে সেনা প্রত্যাহারের দুই বছরেরও কম সময়ের মধ্যে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের সামরিক নেতৃত্বাধীন সরকারগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে রাশিয়া তার নিরাপত্তা উপস্থিতি বাড়িয়েছে, আর চীন গড়েছে বিস্তৃত অর্থনৈতিক সম্পর্ক।
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা নিক চেকার মালি, বুর্কিনা ফাসো ও নাইজার সফর করেন। একের পর এক সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে এই তিন দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল; চেকারের সফরকে নতুন করে কূটনৈতিক যোগাযোগের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের আগের অবস্থান থেকে সরে আসার লক্ষণ। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র নাইজার থেকে তার সামরিক প্রত্যাহার সম্পন্ন করে। এর মধ্য দিয়ে এক দশক ধরে চলা নিরাপত্তা উপস্থিতির অবসান ঘটে; দেশটি ছিল যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানের একটি কেন্দ্র।
প্রত্যাহারের সময় যুক্তরাষ্ট্র যেসব স্থাপনা ছেড়ে দেয়, তার মধ্যে ছিল নাইজারের উত্তরাঞ্চলের শহর আগাদেজের কাছে অবস্থিত ড্রোন ঘাঁটি এয়ার বেস ২০১।
সাহারা মরুভূমির দক্ষিণে বিস্তৃত আধা-শুষ্ক বলয় সাহেল এখন ভূরাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে। অঞ্চলটিতে টানা নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অস্থিরতা চলছে, আর ঐতিহ্যবাহী পশ্চিমা প্রভাব কমছে।
তবে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টায় ওয়াশিংটন এখন একেবারে বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। মালিতে ২০২০ ও ২০২১ সালে, বুর্কিনা ফাসোতে ২০২২ সালে এবং নাইজারে ২০২৩ সালে সামরিক অভ্যুত্থান ঘটে। এসব অভ্যুত্থানের পটভূমিতে ছিল রাজনৈতিক অস্থিতিশীলতা, বাড়তে থাকা নিরাপত্তাহীনতা এবং পশ্চিমা সামরিক হস্তক্ষেপ, বিশেষ করে তিন দেশেরই সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের নেতৃত্বাধীন হস্তক্ষেপ নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষ।
বছরের পর বছর আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী অভিযান চললেও আল-কায়েদা ও আইএসআইএলের সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলো সাহেলের বিভিন্ন অংশে তাদের প্রভাব বাড়িয়ে গেছে।
নাইজারে ২০২৩ সালের জুলাইয়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে উৎখাত করা সামরিক সরকার পরে ওয়াশিংটনের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করে, যার ফলে প্রায় এক হাজার মার্কিন সেনাকে প্রত্যাহার করা হয়। অভ্যুত্থানের পরপরই যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতা স্থগিত করেছিল।
অঞ্চলটির সরকারগুলোর সঙ্গে পশ্চিমা অংশীদারদের সম্পর্কের এই অবনতির সুযোগ নিয়েছে রাশিয়া। রুশ বেসরকারি সামরিক সংগঠন ওয়াগনার গ্রুপের মাধ্যমে এবং পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আফ্রিকা কর্পসের মাধ্যমে মস্কো সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন দিয়েছে।
আরব সেন্টার ফর রিসার্চের রাজনৈতিক গবেষক মোহামেদ মুত্তি বলেছেন, রাশিয়ার বাড়তে থাকা উপস্থিতিকে শুধু সামরিক সম্প্রসারণ হিসেবে দেখা উচিত নয়; এটি সাহেলের সরকারগুলোর সঙ্গে তাদের ঐতিহ্যবাহী পশ্চিমা অংশীদারদের সম্পর্কের অবনতিতে তৈরি হওয়া রাজনৈতিক সুযোগের ফল।
মস্কো নিজেকে পশ্চিমা শক্তিগুলো থেকে আলাদা করে তুলে ধরতে জাতীয় সার্বভৌমত্বের ওপর জোর দিয়েছে এবং গণতান্ত্রিক সংস্কারের মতো তুলনামূলক শর্ত ছাড়াই নিরাপত্তা সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে সশস্ত্র গোষ্ঠীগুলোর টানা সহিংসতা এই নতুন নিরাপত্তা অংশীদারিত্ব কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন তুলেছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে মালি, বুর্কিনা ফাসো ও নাইজার মিলে অ্যালায়েন্স অব সাহেল স্টেটস (এইএস) নামে পারস্পরিক প্রতিরক্ষা জোট গঠন করে, যা ২০২৪ সালের জুলাইয়ে একটি কনফেডারেশনে রূপ নেয়। তিনটি দেশ পরে অঞ্চলটির প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইকোওয়াস থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
এই ভূরাজনৈতিক প্রতিযোগিতা প্রতিবেশী উত্তর আফ্রিকাতেও বিস্তৃত, যেখানে ওয়াশিংটনের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। মরক্কো যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদার, অন্যদিকে আলজেরিয়া ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রেখেছে। পূর্ব লিবিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি সাহেল থেকে ভূমধ্যসাগর পর্যন্ত প্রভাবের প্রতিযোগিতায় আরেকটি মাত্রা যোগ করেছে।
নিরাপত্তার বাইরে সাহেলের খনিজ সম্পদও অঞ্চলটির প্রতি আন্তর্জাতিক আগ্রহের একটি কারণ। নাইজারে রয়েছে উল্লেখযোগ্য ইউরেনিয়াম মজুত, মালি ও বুর্কিনা ফাসোতে স্বর্ণ খনি বড় অর্থনৈতিক কর্মকাণ্ড, আর ব্যাটারি ও উন্নত প্রযুক্তিতে ব্যবহৃত খনিজের আন্তর্জাতিক চাহিদা বাড়ার এই সময়ে লিথিয়াম মজুতও নতুন সুযোগ তৈরি করছে।
এই প্রতিযোগিতায় ওয়াশিংটনের সামনে প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে চীন। গত দুই দশকে বেইজিং অবকাঠামো, টেলিযোগাযোগ, খনি ও জ্বালানি খাতে বিনিয়োগের মাধ্যমে আফ্রিকাজুড়ে তার অর্থনৈতিক উপস্থিতি বাড়িয়েছে। বৈশ্বিক খনিজ প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন সরবরাহ শৃঙ্খলে চীনের ভূমিকা কাঁচামাল উত্তোলনের বাইরেও তাকে উল্লেখযোগ্য প্রভাব দিয়েছে।
মরক্কোর কেনিত্রা শহরের অর্থনীতির অধ্যাপক আহলাম কাফাস বলেছেন, আন্তর্জাতিক অংশীদারিত্ব মূল্যায়ন করা উচিত দেশীয় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক বৈচিত্র্যে তার অবদান দিয়ে। তাঁর মতে, স্থানীয় উৎপাদন সক্ষমতা গড়ে না উঠলে বা অর্থনৈতিক লাভের অর্থবহ অংশ আফ্রিকার দেশগুলোর হাতে না থাকলে সম্পদ উত্তোলন থেকে উন্নয়নের সুফল সীমিতই থাকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গণতান্ত্রিক শাসন ও সাংবিধানিক শৃঙ্খলা নিয়ে দীর্ঘদিনের মার্কিন উদ্বেগ সত্ত্বেও সাহেলের সামরিক নেতৃত্বাধীন সরকারগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের ইচ্ছার ইঙ্গিত দিয়েছে। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের সময় ২০২৩ সালের অভ্যুত্থানের পর ওয়াশিংটন নাইজারের জন্য সহায়তা সীমিত করে এবং সাংবিধানিক শাসনে ফেরার আহ্বান জানায়।
তবে ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তা পুনর্গঠন এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ওয়াশিংটনের প্রভাব পুনর্গঠনের চেষ্টাকে জটিল করেছে। বিদেশে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তার বড় অংশ তদারকি করত এই সংস্থা; কয়েক দশক ধরে মার্কিন উন্নয়ন কর্মসূচি, শিক্ষা বিনিময় ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব আফ্রিকায় ওয়াশিংটনের কূটনৈতিক ও সামরিক তৎপরতাকে পূর্ণতা দিয়েছে।
উন্নয়ন সহায়তা কমে যাওয়ায় প্রশ্ন উঠেছে, দারিদ্র্য, বেকারত্ব ও নিরাপত্তাহীনতায় ভোগা এই অঞ্চলকে সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও বাণিজ্যিক চুক্তির বাইরে যুক্তরাষ্ট্র আর কী দিতে পারে।
মস্কোর সাহেল তৎপরতা সামরিক সহযোগিতা ও অস্ত্র সরবরাহের মাধ্যমে বিশেষভাবে দৃশ্যমান হলেও বেইজিংয়ের প্রভাব বেশি দেখা গেছে বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগে। অন্যদিকে ওয়াশিংটন ঐতিহ্যগতভাবে নিরাপত্তা অংশীদারিত্ব, উন্নয়ন সহায়তা, কূটনীতি, প্রযুক্তি ও বেসরকারি বিনিয়োগের সমন্বয়ের ওপর নির্ভর করেছে।
মালি, বুর্কিনা ফাসো ও নাইজারের সরকারগুলোর ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক মানেই চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পথ বন্ধ নয়। একটি আন্তর্জাতিক অংশীদারকে আরেকটি দিয়ে প্রতিস্থাপনের বদলে এই সরকারগুলো সম্পর্ক বৈচিত্র্যময় করতে এবং আন্তর্জাতিক লেনদেনের শর্তে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে চেয়েছে।
মালকিয়া আফ্রিকা নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মেরি জয়েস তাকালি বলেছেন, ওয়াশিংটনের নতুন যোগাযোগকে আফ্রিকার প্রতি মার্কিন পররাষ্ট্রনীতির বৃহত্তর রূপান্তরের মধ্যে বুঝতে হবে। তাঁর মতে, মহাশক্তি প্রতিযোগিতার চশমা দিয়ে মহাদেশটিকে দেখার বদলে আফ্রিকার সরকারগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারে সাড়া দেওয়া ধারাবাহিক অংশীদারিত্ব দিতে পারলেই যুক্তরাষ্ট্রের নতুন তৎপরতা সফল হবে।



