তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় জয়, বেইজিং বলল ‘পুনর্মিলন’ থামবে না
তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) বড় জয় পাওয়ার পর চীন বলেছে, দ্বীপের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই বদলাক, তা ‘জাতীয় পুনর্মিলনের’ অগ্রযাত্রা থামাতে পারবে না।
শনিবারের ভোটে তাইওয়ানের ২২টি মেয়র ও কাউন্টি নেতৃত্বের আসনের মধ্যে ১০টিতে জয় পেয়েছে ডিপিপি। ২০২২ সালের স্থানীয় নির্বাচনের তুলনায় দলটির জয়ের সংখ্যা দ্বিগুণ হয়েছে, এবং এক দশকের মধ্যে এটি তাদের সেরা ফল।
দলটির সবচেয়ে উল্লেখযোগ্য জয় এসেছে তাইওয়ানের দ্বিতীয় জনবহুল শহর তাইচুংয়ে। সেখানে ডিপিপির আইনপ্রণেতা হো হসিন-চুন বিরোধী কুওমিনতাংয়ের (কেএমটি) জনি চিয়াংকে হারিয়েছেন। আট বছর পর শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেল ডিপিপি।
তবে রাজধানী তাইপের নিয়ন্ত্রণ ধরে রেখেছে কেএমটি। সেখানে বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন হারিয়েছেন ডিপিপির আইনপ্রণেতা পুমা শেনকে। বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের অভিযোগে পুমা শেনকে চীনা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।
চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় রোববার এক বিবৃতিতে বলেছে, তারা নির্বাচনের ফল লক্ষ করেছে। কার্যালয়ের মতে, তাইওয়ানের মূলধারার জনমত তাইওয়ান প্রণালির দুই পারের মধ্যে শান্তি, উন্নয়ন ও সহযোগিতার পক্ষে।
বিবৃতিতে বলা হয়, দ্বীপের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, তা প্রণালির দুই পারের মধ্যে আদান-প্রদানের অগ্রগতির দিক ও ধারা বদলাতে পারবে না।
বেইজিং আরও বলেছে, তারা ‘তাইওয়ান স্বাধীনতা’ বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চালিয়ে যাবে, বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করবে এবং ‘জাতীয় পুনর্মিলনের মহৎ লক্ষ্য’ এগিয়ে নেবে।
চীন স্বশাসিত তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেনি। তাইওয়ানের সরকার বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে।
জবাবে তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল বেইজিংকে নির্বাচনের ফল বাস্তবসম্মতভাবে দেখার এবং দ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।
এবারের নির্বাচনে মূলত অভ্যন্তরীণ বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে, চীনের সঙ্গে সম্পর্ক নয়।


