স্পেনে ভোট আজ: অর্ধশতাব্দী পর সরকারে ফিরতে পারে কট্টর ডানপন্থীরা
স্পেনে আজ রবিবার আগাম নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনের মাধ্যমে প্রায় পাঁচ দশক আগে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের অবসানের পর প্রথমবারের মতো কট্টর ডানপন্থীরা জাতীয় সরকারে আসতে পারে।
রবিবার সকাল ৯টায় (গ্রিনিচ মান সময় ০৮:০০) ভোটকেন্দ্র খুলবে এবং রাত ৮টায় (গ্রিনিচ মান সময় ১৯:০০) বন্ধ হবে। এর প্রায় এক ঘণ্টা পর প্রথম ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সংসদের ৩৫০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের দরকার ১৭৬ আসন।
সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ২০১৮ সাল থেকে ভঙ্গুর সংখ্যালঘু সরকার পরিচালনা করে আসছেন। সংসদে তাঁর আবাসনবিষয়ক পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর তিনি আগাম নির্বাচনের ডাক দেন।
স্পেনে ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে, আর বাড়িভাড়া ও উচ্ছেদের ঘটনা এই মাসে বড় বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটের জন্ম দিয়েছে।
বেশির ভাগ জরিপে রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) জয়ের ইঙ্গিত মিলেছে। তবে সরকার গঠন করতে হলে দলটিকে কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থন নিতে হবে।
সানচেজ বলেছেন, তাঁর নিজের তথ্য বলছে ছোট বামপন্থী দলগুলোকে নিয়ে তিনি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। কোনো কোনো জরিপে দেখা গেছে সমাজতান্ত্রিকরা পিপির কাছাকাছি পৌঁছেছে, তবে তা কট্টর বামদের সমর্থন হারানোর বিনিময়ে—যাদের সমর্থন সরকার গঠনে সানচেজের আবারও প্রয়োজন হবে।
বিশ্লেষকদের মতে, পিপি ও ভক্সের জোটই সবচেয়ে সম্ভাব্য ফলাফল, যদিও ভক্স সরকারে না গিয়ে বাইরে থেকে পিপি সরকারকে সমর্থনও দিতে পারে। দুই দল ইতিমধ্যে চারটি অঞ্চলে একসঙ্গে সরকার চালাচ্ছে। পিপি নেতা আলবের্তো নুনিয়েজ ফেইহো নিজেকে একজন বিচক্ষণ টেকনোক্র্যাট হিসেবে তুলে ধরেছেন।
ভক্স কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ চায় এবং বলেছে, তারা বিদেশি বাসিন্দাদের চেয়ে স্পেনের নাগরিকদের প্রয়োজনকে প্রাধান্য দেবে। দলটি অভিবাসীদের বহিষ্কারও করতে চায়। দলটির নেতা সান্তিয়াগো আবাস্কাল ‘কট্টর ডানপন্থী’ তকমা প্রত্যাখ্যান করে বলেছেন, তাঁর দলের অবস্থান ‘সাধারণ বুদ্ধি’।
সানচেজ পিপি-ভক্স সরকারকে ‘পশ্চাদপসরণ’ বলে অভিহিত করে এল পাইস পত্রিকাকে বলেছেন, ‘এর মানে হবে ঘড়ির কাঁটা ৪০, ৫০ বছর পেছনে ঘুরিয়ে দেওয়া।’
সানচেজ তাঁর নেতৃত্বের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, স্পেন ইউরোপীয় ইউনিয়নের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি, যেখানে ন্যূনতম মজুরি বেশি এবং প্রায় দুই দশকের মধ্যে বেকারত্ব সর্বনিম্ন।
তবে অনেক স্পেনীয়র মতে, মূল্যবৃদ্ধি সেই অর্জনগুলো ম্লান করে দিয়েছে। এ ছাড়া তাঁর ঘনিষ্ঠ মহলে দুর্নীতির কেলেঙ্কারি, দুটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা এবং দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।
অভিবাসনকে অর্থনীতির জন্য ভালো বলে প্রকাশ্যে সমর্থন করা ইউরোপীয় নেতাদের মধ্যে সানচেজ প্রায় একা। তাঁর সরকার এই বছর প্রায় ১০ লাখ অনথিভুক্ত মানুষকে সাধারণ ক্ষমা দিয়েছে, আর এরপর থেকে আগমন বেড়েছে—এই মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। আবাস্কাল সেখান থেকেই তাঁর প্রচারণা শুরু করেছিলেন।
সানচেজ পরাজিত হলে ইউরোপীয় ইউনিয়নে কেন্দ্র-বাম নেতা থাকবেন শুধু ডেনমার্ক, লিথুয়ানিয়া ও মাল্টায়।
এই নির্বাচন এমন এক সময়ে হচ্ছে, যখন ইউরোপজুড়ে কট্টর ডানপন্থী দলগুলো শক্তি অর্জন করছে এবং আগামী বছর ফ্রান্স, ইতালি, গ্রিস ও পোল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।


