…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

লারার ভক্ত মুশফিক বাঁহাতি ব্যাটার হতে চেয়েছিলেন, কিপার হওয়ার গল্পটাও পাড়ার মাঠের

নিজস্ব প্রতিবেদক
লারার ভক্ত মুশফিক বাঁহাতি ব্যাটার হতে চেয়েছিলেন, কিপার হওয়ার গল্পটাও পাড়ার মাঠের
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের সায়াহ্নে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট থেকেও অবসর ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দেশের হয়ে শেষ ম্যাচটি খেলবেন তিনি। অবসর নিলেও ব্যাট হাতে দারুণ সব রেকর্ডে দেশের ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।

বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি—১০৮ টেস্ট খেলে করেছেন ৭০৬২ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউ সাত হাজার রান করতে পারেননি।

দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরির কীর্তি আছে তাঁর। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও মুশফিকের দখলে—২০২৩ সালের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

ডানহাতি ব্যাটিংয়ে এতসব কীর্তি গড়লেও মুশফিক মূলত বাঁহাতি ব্যাটার হতে চেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বাঁহাতি হওয়ায় মুশফিকের মনেও জেগেছিল একই স্বাদ। এ জন্য চেষ্টাও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।

এ প্রসঙ্গে একাধিক সাক্ষাৎকারে মুশফিক বলেছেন, ‘এমন ইচ্ছা ছিল (বাঁহাতি ব্যাটার হওয়ার)। ব্রায়ান লারার খেলা অনেক পছন্দ করতাম। আমি তাঁকে সেরা খেলোয়াড় মনে করতাম। তাঁর অনেক বড় ভক্ত আমি। আমার মনে হতো, কেন তাঁর মতো বাঁহাতি হলাম না। সবাই তো আর চাইলেই কিছু হতে পারে না। এরপরও আমি তাঁর ব্যাটিং অনুকরণ করার চেষ্টা করেছি, কিন্তু লারা তো তাঁর মতোই। আসলে কেউ কারও কোনো দক্ষতা হুবহু অনুকরণ করতে পারে না।’

মুশফিক আরও বলেছেন, লারার ব্যাটিং অনেক সময় তিনি আয়নাতেও দেখেছেন, কারণ আয়নায় দেখলে সেটার প্রতিফলন ডানহাতির মতো লাগে। অনেকভাবে চেষ্টা করলেও বাঁহাতি ব্যাটার হওয়া তাঁর হয়ে ওঠেনি।

মুশফিকের উইকেটরক্ষক হওয়ার পেছনের গল্পটাও দারুণ। পাড়ার ক্রিকেটে এক দিন নিয়মিত উইকেটরক্ষকের অনুপস্থিতিতে গ্লাভস হাতে নেওয়ার সুযোগ পেয়ে যান তিনি। সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন। তখন থেকেই গ্লাভস হাতে বেশ উপভোগ করতে শুরু করেন। পাশাপাশি উচ্চতার কারণে ব্যাটিংয়ে সমস্যা হওয়াতেও শুরুতে উইকেটকিপিংয়ে বেশি মনোযোগী ছিলেন তিনি।

মুশফিক বলেন, ‘ছেলেবেলায় বড় ভাইদের সঙ্গে পাড়ায় পাড়ায় খেলতে যেতাম। বগুড়ায় কৃষ্ণপুর নামের একটা জায়গায় খেলতে গিয়েছিলাম। যিনি নিয়মিত কিপিং করতেন, তিনি সেদিন করেননি। তাই উইকেটরক্ষক খোঁজা হচ্ছিল। আমি বললাম একটু চেষ্টা করে দেখি। সেদিন দুইটা ভালো ক্যাচ নিয়েছিলাম। শুরুটা সেখান থেকেই। উইকেটকিপিংয়ে ভালোই মজা পেয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘এমন একটা কাজ, যেটা কিনা আমি করতে পারছি। কারণ, তখন আমার চেয়ে আমার ব্যাটই অনেক বড় ছিল। এই জন্য টিমে আমাকে নেওয়া হতো অন্তত যেন কিপিং করতে পারি। তখন থেকেই উৎসাহ পাই। কিপিংয়ের ওপর জোরটা বেশি দেওয়া শুরু করি। উইকেটরক্ষক-ব্যাটার হলে বা একটা অলরাউন্ডার হলে টিমে খেলার সুযোগটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো এটাই ইচ্ছা ছিল, কোনো অলরাউন্ডার হওয়া যায় কি না।’

আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম। বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তাঁর অবসরের ঘোষণা দিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

জুরেলের ৮৮ রানের লড়াইয়ের পরও ক্রাইস্টচার্চ টেস্টে এগিয়ে নিউজিল্যান্ড, লিড ২৪৩
খেলা

জুরেলের ৮৮ রানের লড়াইয়ের পরও ক্রাইস্টচার্চ টেস্টে এগিয়ে নিউজিল্যান্ড, লিড ২৪৩

ধ্রুব জুরেল আবারও একা লড়ে গেলেন। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনে তাঁর ৮৮ রানের ইনিংসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ভারত। শেষ তিন উইকেটে ১২৯ রান য…

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড কিমিখের, অন্তত তিন ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা
খেলা

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড কিমিখের, অন্তত তিন ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা

প্রতিপক্ষের চুল টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেছেন বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিখ। এই ঘটনায় অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন জার্মান এই মিডফিল্ডার। ত…

আলাভেসের কাছে ঘরের মাঠে হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিয়াল কোচ মরিনিও
খেলা

আলাভেসের কাছে ঘরের মাঠে হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিয়াল কোচ মরিনিও

লা লিগায় আলাভেসের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। বিশেষ করে জুড বেলিংহাম…

খেলা

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে স্পেনের জার্সিতে উজ্জ্বল তুঙ্কারা, বার্সা কোচ ফ্লিক বললেন ‘অসাধারণ প্রতিভা’

অনূর্ধ্ব-১৭ ছেলেদের ফুটবল বিশ্বকাপে স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এব্রিমা তুঙ্কারা। তাঁর খেলায় মুগ্ধ বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্ল…