মিনিয়াপোলিসে হামলার শিকার সোমালি-আমেরিকান উবারচালক মোহাম্মদ ইউসুফ মারা গেছেন
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের কাছে এ মাসে হামলার শিকার সোমালি-আমেরিকান উবারচালক মোহাম্মদ ইউসুফ আঘাতের কারণে মারা গেছেন বলে একটি অধিকার সংগঠন জানিয়েছে। ৫১ বছর বয়সী ইউসুফ ১৪ নভেম্বরের হামলার পর থেকে কোমায় ছিলেন।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এক বিবৃতিতে জানায়, ইউসুফ শনিবার হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে মারা যান।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ১৪ নভেম্বরের হামলায় ইউসুফকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হয় এবং তাঁর নিজের গাড়ি দিয়েই তাঁর ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি কোমায় ছিলেন।
বিবৃতিতে সিএআইআর-মিনেসোটা বলেছে, ‘মোহাম্মদের পরিবার, প্রিয়জন এবং তাঁর পাশে দাঁড়ানো অনেক সহকর্মী চালক ও কমিউনিটির সদস্যের প্রতি সিএআইআর-মিনেসোটা গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছে।’
অভিযুক্ত সামিত অপূর্ব প্যাটেলের বিরুদ্ধে প্রথমে দ্বিতীয় মাত্রার হত্যাচেষ্টার একটি এবং প্রথম মাত্রার গাড়ি ছিনতাইয়ের একটি অভিযোগ আনা হয়েছিল। হেনেপিন কাউন্টি অ্যাটর্নি মেরি মরিয়ার্টি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অভিযোগগুলো দ্বিতীয় মাত্রার ইচ্ছাকৃত হত্যার অভিযোগে উন্নীত করা হবে।
আদালতের নথি অনুযায়ী, ইউসুফ যখন যাত্রী তোলেন, তখন তিনি ফোনে তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন; তাঁর ভাইও একজন উবারচালক। ভাই জানিয়েছেন, তিনি যাত্রীকে ইউসুফকে বলতে শুনেছিলেন যে তিনি ‘মোহাম্মদ’ নামটি পছন্দ করেন না। পরে তিনি ইউসুফকে সোমালি ভাষায় চিৎকার করে বলতে শোনেন যে তাঁকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়ি তাঁর ওপর দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে।
মরিয়ার্টি এর আগে বলেছিলেন, প্যাটেলের কর্মকাণ্ড ঘৃণামূলক অপরাধ ছিল তা প্রমাণ করা কঠিন হবে।
অধিকারকর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সহযোগীদের সোমালি-আমেরিকানদের বিরুদ্ধে বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ বছর মিনেসোটায় তাঁর অভিবাসন দমন অভিযানের নিন্দা জানিয়েছেন।
মিনেসোটার পেগি ফ্ল্যানাগান বলেছেন, তিনি ভুক্তভোগীর পরিবার ও সোমালি কমিউনিটির জন্য প্রার্থনা করবেন; একই সঙ্গে প্রার্থনা করবেন ‘আমাদের দেশের নেতাদের অমানবিক বক্তব্যের অবসানের জন্য, যার বাস্তব পরিণতি রয়েছে’।




