তরুণদের বিবাদ থামাতে হরভজনকে অনুরোধ পাকিস্তানি সমর্থকের, জবাবে সংযত থাকার পরামর্শ

ভারত ও পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের মধ্যে মাঠের বিবাদ যেন আর না ঘটে, সে বিষয়ে ভারতীয় খেলোয়াড়দের পরামর্শ দিতে সাবেক স্পিনার হরভজন সিংকে অনুরোধ করেছেন এক পাকিস্তানি সমর্থক। জবাবে হরভজন জানিয়েছেন, তরুণ ক্রিকেটারদের সব সময় বিনয়ী ও সংযত থাকার পরামর্শ তিনি দিয়েই থাকেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হরভজনের সঙ্গে কথা বলছেন ওই পাকিস্তানি সমর্থক। ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের মধ্যে সাম্প্রতিক বিবাদের প্রসঙ্গ তোলেন তিনি।
ওই সমর্থক হরভজনকে বলেন, 'কেমন আছেন? ভারতীয় তরুণ খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়ায় না জড়ায়। এটা ক্রিকেট। আমার শুধু এই অনুরোধটুকুই।'
হরভজনের খেলার সময় ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে সুসম্পর্কের কথাও তুলে ধরেন ওই সমর্থক। তাঁর মতে, দুই দেশের প্রবীণ ক্রিকেটারদের মধ্যে যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, সেখানে নতুন প্রজন্মের খেলোয়াড়দের এমন বিবাদ ভালো বার্তা দিচ্ছে না।
তিনি আরও বলেন, 'আপনারা পাকিস্তানে গেলে আমরা কি ভালোবাসা দিয়ে বরণ করি না? আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় একসঙ্গে থাকি, ভালোবাসা ভাগাভাগি করি। বড়দের মধ্যে একে অপরের প্রতি এত ভালোবাসা, অথচ ছোটরা ঝগড়া করছে। দয়া করে তাদের বলবেন, যেন এমনটা না করে।'
জবাবে হরভজন বলেন, 'আমরাও তাদের বলেছি, যেন বিনয়ী থাকে এবং নিজেদের মাটির কাছাকাছি রাখে।'
সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে উত্তেজনার শুরু গত বছরের পুরুষদের এশিয়া কাপ থেকে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় কয়েকজন পর্যটক নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা।
এরপর থেকে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো ধরনের সৌজন্য বিনিময় না করার অবস্থান বজায় রেখেছে ভারত। এশিয়া কাপের ট্রফি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে নিতেও অস্বীকৃতি জানিয়েছিল তারা।
ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে মাঠের উত্তেজনা বেড়েই চলেছে। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল—দুই পর্যায়েই খেলোয়াড়দের মধ্যে একাধিকবার বিবাদে জড়ানোর ঘটনা ঘটেছে।



