২০২৭ সালে ব্যাংকে সরকারি ছুটি ৩০ দিন, সবচেয়ে বেশি ছুটি মার্চ ও মে মাসে

আগামী ২০২৭ সালের জন্য ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সাপ্তাহিক ছুটি বাদে সারা দেশে ব্যাংকগুলোর জন্য ৩০ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর বাইরে পার্বত্য তিন জেলার জন্য চৈত্রসংক্রান্তি উপলক্ষে আরও এক দিন ছুটি থাকবে। সব মিলিয়ে ছুটির তালিকায় রয়েছে ৩১ দিন।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য এই ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। নির্দেশনাটি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী, আগামী বছর ব্যাংককর্মীরা সবচেয়ে বেশি ছুটি পাবেন মার্চ ও মে মাসে। দুই মাসের তালিকাতেই রয়েছে আট দিন করে ছুটি। মার্চে ঈদুল ফিতর, শবে কদর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। মে মাসে রয়েছে মহান মে দিবস, ঈদুল আজহা ও বুদ্ধপূর্ণিমার ছুটি।
মার্চ মাসে ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া ৫ মার্চ জুমাতুল বিদা, ৭ মার্চ শবে কদর এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি রয়েছে। তবে ৫ ও ২৬ মার্চ শুক্রবার হওয়ায় এই দুটি ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে সাপ্তাহিক ছুটি বাদে মার্চে কার্যকর ছুটি থাকবে ছয় দিন।
মে মাসে ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৫ মে শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। আবার ২০ মে বুদ্ধপূর্ণিমার ছুটিও ঈদের ছুটির মধ্যে পড়েছে। ফলে ঈদ উপলক্ষে কার্যকর ছুটি থাকবে পাঁচ দিন। এর আগে ১৪ মে শুক্রবার এবং পরে ২১ ও ২২ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে টানা নয় দিন ছুটির সুযোগ তৈরি হবে। এ ছাড়া ১ মে মহান মে দিবসের ছুটি রয়েছে।
বছরের প্রথম মাস জানুয়ারিতে শবে বরাত উপলক্ষে ২৪ জানুয়ারি রোববার ছুটি থাকবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ পরিবর্তিত হতে পারে। ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রোববার ছুটি থাকবে। দুই ক্ষেত্রেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের ছুটি মিলবে।
এপ্রিলে বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল বুধবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। এর আগের দিন ১৩ এপ্রিল মঙ্গলবার চৈত্রসংক্রান্তি উপলক্ষে শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার ব্যাংকগুলোতে ছুটি থাকবে। জুনে পবিত্র আশুরা উপলক্ষে ১৬ জুন বুধবার এবং জুলাইয়ে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকবে।
আগস্টে তিন দিন সরকারি ছুটি রয়েছে। ৫ আগস্ট বৃহস্পতিবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট রোববার ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট বুধবার জন্মাষ্টমী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। সেপ্টেম্বরে সাপ্তাহিক ছুটি ছাড়া ব্যাংকের জন্য কোনো সরকারি ছুটি নেই।
অক্টোবরে দুর্গাপূজার নবমী ও বিজয়া দশমী উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর শনি ও রোববার ছুটি থাকবে। নভেম্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর রোববার ছুটি থাকবে। ডিসেম্বরে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি থাকবে। এ ছাড়া বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর শনিবার এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর শুক্রবার ব্যাংক বন্ধ থাকবে, তবে এই দুটি ছুটিই সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় উৎসবের তারিখ পরিবর্তিত হতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার ভিত্তিতে ছুটির তারিখ সমন্বয় করা হবে।



