গুপ্তচরবৃত্তির সন্দেহে চার ইরানি নাগরিককে বহিষ্কার করল বসনিয়া, তিনজনই কূটনীতিক
গুপ্তচরবৃত্তির সন্দেহে চার ইরানি নাগরিককে বহিষ্কার করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। বহিষ্কৃতদের মধ্যে তিনজনের সারায়েভোতে ইরানি দূতাবাসে কূটনৈতিক মর্যাদা রয়েছে। চতুর্থ ব্যক্তির মর্যাদা এখনো জানা যায়নি।
বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রোয়েশিয়ার বার্তা সংস্থা হিনা রোববার তদন্তমূলক সংবাদ পোর্টাল ইস্ত্রাগা ডট বিএর বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
হিনার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ওই চার ইরানি বসনিয়া ছেড়ে যান। বসনিয়ার গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে কোনাকোভিচ তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করে বহিষ্কারের সিদ্ধান্তে সই করেন।
আরেকটি সংবাদ পোর্টাল রাপোর্টের বরাত দিয়ে বলা হয়েছে, কোনাকোভিচ বলেছেন, ‘এটি একটি নিরাপত্তা-সংক্রান্ত বিষয়। আমাদের ভূমিকা ছিল অনুরোধটি পৌঁছে দিয়ে পদক্ষেপ নেওয়া। এটি নিরাপত্তা সংস্থাগুলোর বিষয়, তারা চাইলে এ নিয়ে মন্তব্য করতে পারে।’
হিনার তথ্য অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সারায়েভোতে ইরানি দূতাবাসের তৃতীয় কাউন্সেলর হোসেইন মাহদিয়ান ফার্দ এবং দুই অ্যাটাশে মোর্তেজা ফাজালি ও এহসান সাজ্জাদি মোনাজ্জাহ। চতুর্থ ব্যক্তি সৈয়দ ইয়াসের সৈয়দ মোহাম্মদের বসনিয়ায় মর্যাদা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
নিরাপত্তা সংস্থাগুলো ফার্দকে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে শনাক্ত করেছে। ওই সংস্থায় আনুমানিক ৩০ হাজার কর্মী রয়েছেন এবং এটি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করে বলে জানা গেছে। মানবাধিকার লঙ্ঘন, অবৈধ গোয়েন্দা তৎপরতা ও বিদেশে গোপন অভিযানের অভিযোগে সংস্থাটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
ফার্দ ২০২৫ সালের মাঝামাঝি থেকে বসনিয়ায় কর্মরত ছিলেন। বসনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে ইরানি দূতাবাসের কাউন্সেলর হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সারায়েভোতে যোগ দেওয়ার আগে তিনি জার্মানিতে ১০ বছর কূটনৈতিক চাকরিতে ছিলেন। বসনিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বহিষ্কৃত অন্য তিন ইরানি নাগরিক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত ছিলেন।

