কারিগরি মন্দায় ফ্রান্স: তৃতীয় প্রান্তিকে অর্থনীতি সংকুচিত ০.২ শতাংশ, ঋণের চাপে নেতিবাচক পূর্বাভাস এসঅ্যান্ডপির
ফ্রান্সের অর্থনীতি কারিগরি মন্দায় ঢুকে পড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর ইনসি (INSEE) শুক্রবার জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে অর্থনীতি আগের প্রান্তিকের তুলনায় ০.২ শতাংশ সংকুচিত হয়েছে। প্রথম প্রকাশিত ০.১ শতাংশের হিসাব সংশোধন করেই এই নতুন তথ্য দেওয়া হয়েছে।
কারিগরি মন্দা বলতে সাধারণত টানা দুই প্রান্তিকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) সংকুচিত হওয়াকে বোঝানো হয়; বৃহত্তর অর্থে মন্দার মধ্যে কর্মসংস্থানসহ অন্যান্য নিম্নমুখী সূচকও ধরা হয়। ইউরোজোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই সংকোচন এসেছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সংস্কারের অভাব নিয়ে দেশজোড়া বিক্ষোভের পরও দেশটি যখন সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তার মধ্যে।
এই তথ্য প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সংখ্যালঘু সরকারের জন্য বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের কাজ আরও কঠিন করে তুলেছে। এতে চলতি বছরের জন্য সরকারের বার্ষিক প্রবৃদ্ধির ০.৫ শতাংশ লক্ষ্য এখন নাগালের বাইরে চলে গেছে বলে মনে করা হচ্ছে।
সরকার ২০২৭ সালের বাজেট পাস করতেও হিমশিম খাচ্ছে। ওই বাজেটের লক্ষ্য আর্থিক ঘাটতি চলতি বছরের উৎপাদনের ৫.৪ শতাংশ থেকে আগামী বছর ৫ শতাংশে নামিয়ে আনা।
ইনসির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী রোলান্ড লেস্কুর বলেছেন, যত দ্রুত সম্ভব বাজেট অনুমোদন করতে হবে এবং ঘাটতির ৫ শতাংশ লক্ষ্য নিয়ে কোনো আপস চলবে না। অর্থনৈতিক অংশীজনদের জন্য দৃশ্যমান নিশ্চয়তা ফিরিয়ে আনা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
ইনসির তৃতীয় প্রান্তিকের জিডিপি বিশ্লেষণে দেখা গেছে, অর্থনীতির দুর্বলতার একটি কারণ অভ্যন্তরীণ চাহিদা প্রায় স্থবির থাকা। ভোক্তা ব্যয় ০.৩ শতাংশ বাড়লেও ব্যবসায়িক বিনিয়োগ ০.৮ শতাংশ কমে যাওয়ায় সেই বৃদ্ধি খেয়ে ফেলেছে। এ ছাড়া বৈদেশিক বাণিজ্য অর্থনৈতিক উৎপাদন থেকে ০.৬ শতাংশ পয়েন্ট কমিয়ে দিয়েছে; রপ্তানি কমেছে ১.৬ শতাংশ, আর আমদানি বেড়েছে ০.১ শতাংশ।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ঋণমান সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস ফ্রান্সের সার্বভৌম ঋণের পূর্বাভাস ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’-এ নামিয়ে এনেছে, তবে A+/A-1 রেটিং বহাল রেখেছে।
এসঅ্যান্ডপি বলেছে, ২০২৬ সালে সাধারণ সরকারি বাজেট ঘাটতি প্রত্যাশার চেয়ে বড় হয়ে জিডিপির ৫.৫ শতাংশে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে, ফলে ফ্রান্সের ঘাটতির ওপর চাপ অব্যাহত থাকবে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, অতিরিক্ত বাজেট সংহতির ব্যবস্থা না নেওয়া হলে ২০২৭ সালে ঘাটতি থাকবে ৫.৩ শতাংশ, প্রকৃত প্রবৃদ্ধি হবে মাত্র ০.৬ শতাংশ এবং নিট ঋণ ২০২৯ সালের মধ্যে জিডিপির ১১৮ শতাংশে পৌঁছাবে, সঙ্গে সুদ ব্যয়ও ধীরে ধীরে বাড়বে।
গত মাসে ফ্রান্সের মানদণ্ড ১০ বছর মেয়াদি ধার খরচ বেড়ে ৫.১৪ শতাংশে উঠেছিল, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। প্যারিস ঘাটতি নিয়ন্ত্রণ ও ২০২৭ সালের বাজেট নিশ্চিত করতে পারবে কি না, তা নিয়ে উদ্বেগের মধ্যেই এই বৃদ্ধি ঘটে।
বছরের মাঝামাঝি সময়ে ফ্রান্সের ঋণ ছিল জিডিপির ১১৯ শতাংশ, যা ইউরোজোনে গ্রিস ও ইতালির পর তৃতীয় সর্বোচ্চ। দীর্ঘ অর্থনৈতিক মন্দা চললে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়োগ কমাতে, বিনিয়োগ পেছাতে ও কর্মী ছাঁটাই করতে পারে, যা পরিবারগুলোর অর্থনীতি ও ভোক্তা ব্যয়ের ওপর আরও চাপ ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্যয় সংকোচনের প্রস্তাবিত পদক্ষেপের বিরুদ্ধে অক্টোবরে ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে; বিক্ষোভকারীরা জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় আরও সহায়তা দাবি করেছিলেন। এই আন্দোলন শুরু হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি হাইস্কুলগুলো থেকে, যেখানে শিক্ষার্থীরা অতিরিক্ত ভিড়ের শ্রেণিকক্ষ, শিক্ষক সংকট ও জরাজীর্ণ ভবনের অভিযোগ তুলেছিল। সেপ্টেম্বরেই লেকর্নু ২০২৭ সালে ফ্রান্সের সরকারি অর্থনীতি উন্নত করতে ৫ হাজার ৪০০ কোটি ইউরো (৬ হাজার ২০০ কোটি ডলার) মূল্যের পদক্ষেপের প্রস্তাব দিয়েছিলেন।
তবে তাঁর সরকার প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত করতে পারে এমন অতিরিক্ত কর আরোপ এড়াতে চেয়েছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, বড় করপোরেশনগুলোর ওপর গত বছর চালু করা ও পরে ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো সাময়িক অতিরিক্ত কর পুরোপুরি বাতিল না করে কমানো হবে।
ফ্রান্সে ২০২৭ সালের এপ্রিল ও মে মাসে দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের আগাম সংসদ নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার পর থেকে ধারাবাহিক সংখ্যালঘু সরকারগুলো সংবিধানের ৪৯.৩ অনুচ্ছেদের ওপর নির্ভর করেছে, যা পার্লামেন্টের ভোট ছাড়াই বাজেট পাস করার সুযোগ দেয়। প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসায় বিরোধী দলগুলো সরকারের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে অবস্থান আরও কঠোর করেছে, ফলে সমঝোতা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

