মধ্যবর্তী নির্বাচনের ক্লান্তি কাটতে না কাটতেই শুরু ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়

যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন শেষ হতে না হতেই পরের হোয়াইট হাউস দৌড়ের শুরুর ঘণ্টা বেজে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মেয়াদের শেষ পর্বে (লেম-ডাক সেশন) প্রবেশ করায় দুই প্রধান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীরা ক্রমেই আলোচনার কেন্দ্রে উঠে আসছেন। আগামী কয়েক মাসের মধ্যেই প্রথম আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, আর তাতেই ২০২৮ সালের নির্বাচনী চক্র আকার পেতে শুরু করেছে।
গুরুত্বপূর্ণ প্রাথমিক নির্বাচনের রাজ্য নিউ হ্যাম্পশায়ারভিত্তিক দীর্ঘদিনের রিপাবলিকান কৌশলবিদ জিম মেরিল ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি মৌসুম শুরু হয়ে গেছে; প্রতি চার বছর পর মধ্যবর্তী নির্বাচনের পর এমনটাই ঘটে। তাঁর ভাষ্য, সম্ভাব্য প্রার্থীরা ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন না, তাঁরা সঙ্গে সঙ্গেই দৌড় শুরু করে দেন।
ইতিমধ্যে দুজন সম্ভাব্য প্রার্থী প্রাথমিক ভোটের শুরুর দিকের রাজ্যগুলোতে সফর শুরু করেছেন। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কট ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবেও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছিলেন; এখন তিনি ২০২৮ সালে প্রার্থী হওয়ার কথা ভাবছেন। ডিসেম্বরের শুরুতে তিনি নিউ হ্যাম্পশায়ার ফেডারেশন অব রিপাবলিকান উইমেনের ছুটির দিনের এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশ নিচ্ছেন, যা হোয়াইট হাউসের দিকে তাঁর সম্ভাব্য যাত্রার স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর করি বুকার ২০২০ সালে দলের মনোনয়ন চেয়েছিলেন এবং এখন আবার প্রার্থী হওয়ার কথা ভাবছেন। ডেমোক্র্যাটদের ২০২৮ সালের ক্যালেন্ডারে এগিয়ে থাকা সাউথ ক্যারোলাইনায় মধ্যবর্তী নির্বাচনের কয়েক দিন পরই তিনি সফর করেছেন। থ্যাঙ্কসগিভিংয়ের আগের সপ্তাহান্তে তিনি দ্বিতীয়বার সেখানে যান।
বুকার সম্প্রতি ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, আবার হোয়াইট হাউসের দৌড়ে নামার বিষয়ে তিনি গভীরভাবে ভাববেন। মধ্যবর্তী নির্বাচনে সিনেটে পুনর্নির্বাচিত বুকার এই মাসের শুরুতে ডেনভারে ডেমোক্র্যাটদের বড় সমাবেশের ফাঁকে সাক্ষাৎকার দেন। স্বাধীন সংগঠন মেজরিটি ডেমোক্র্যাটসের আয়োজিত ‘হোয়াটস নেক্সট’ সম্মেলনে ডেমোক্র্যাট নেতা, কর্মকর্তা, দাতা, কর্মী ও কৌশলবিদরা জড়ো হয়েছিলেন, আর সেখানে অর্ধডজনের বেশি হোয়াইট হাউস প্রত্যাশী নিজেদের বার্তা পরীক্ষা করে দেখছিলেন।
ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রো খান্না আরেকজন সম্ভাব্য প্রার্থী। কলোরাডোর ওই সমাবেশে তিনি ফক্স নিউজ ডিজিটালকে বলেন, তিনি সারা দেশে ঘুরে দেখছেন তাঁর বার্তা মানুষের কাছে পৌঁছায় কি না। সময়সূচি সম্পর্কে জানতে চাইলে প্রগতিশীল এই নেতা বলেন, আগামী বছর থেকে মানুষ দৌড় শুরু করবে বলেই তাঁর ধারণা।
খান্না আরও বলেন, পরপর তিনজন ৮০ বছর বয়সী প্রেসিডেন্টের পর হঠাৎ দুই দলেই নতুন প্রজন্ম আসবে, যা দেশের জন্য চমৎকার হবে। তিনি বলেন, তিনি নিজে দাঁড়ালে যাঁরা প্রতিদ্বন্দ্বী হবেন, তাঁদের কয়েকজনকে নিয়েও তিনি উচ্ছ্বসিত; এতে আমেরিকার মেধা প্রকাশ পাবে।
ডেমোক্র্যাটদের মনোনয়নের দৌড় দীর্ঘদিন ধরেই ভিড়পূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের লড়াইয়েও বড় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রার্থী তালিকা দেখা যেতে পারে।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দৌড়ে নামলে তাঁকেই সম্ভাব্য অগ্রগণ্য প্রার্থী হিসেবে ধরা হচ্ছে। তবে তিনি সম্প্রতি ফক্স নিউজের লরা ইনগ্রাহামকে বলেছেন, তিনি এখনো দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি; আগামী বছরের কোনো এক সময়ে বিষয়টি ঠিক করবেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মধ্যবর্তী নির্বাচনের পর তাঁর প্রথম সাক্ষাৎকারে আবার প্রার্থী হওয়ার দরজা খোলা রেখেছেন। তিনি ফক্স নিউজ ডিজিটালকে বলেন, সারা দেশের মানুষ তাঁকে আবার প্রেসিডেন্ট পদে দাঁড়াতে উৎসাহ দিচ্ছে এবং তাতে তিনি বিনীত বোধ করছেন।
শুরুর দিকের রাজ্য সফর ও গণমাধ্যম সাক্ষাৎকারের বাইরে পর্দার আড়ালেও তৎপরতা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক নিউ হ্যাম্পশায়ারের এক ডেমোক্র্যাট নেতা ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, হোয়াইট হাউস প্রত্যাশী বেশ কয়েকজনের কাছ থেকে তিনি ফোন পাচ্ছেন। মেরিলের মতে, এই দৌড় একদিকে সম্ভাব্য প্রার্থীদের নিউ হ্যাম্পশায়ারসহ শুরুর প্রাইমারি রাজ্যগুলোতে প্রকাশ্য সফরের মধ্য দিয়ে চলবে, অন্যদিকে মূল কর্মী, কৌশলবিদ ও মতামত-নেতাদের সঙ্গে কথা বলে সম্ভাব্য সমর্থনের মাত্রা যাচাইয়ের গোপন তৎপরতাও চলবে।




