২০৫০ সালে আমেরিকায় স্ট্রোকে আক্রান্ত হয়ে বেঁচে থাকা মানুষের সংখ্যা হবে প্রায় ২ কোটি: গবেষণা

আগামী কয়েক দশকে আমেরিকায় স্ট্রোকে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক বাড়বে বলে নতুন গবেষণায় উঠে এসেছে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে স্ট্রোক থেকে বেঁচে যাওয়া প্রাপ্তবয়স্কের সংখ্যা দাঁড়াবে প্রায় ২ কোটিতে।
‘স্ট্রোক’ সাময়িকীতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সংখ্যাটি ২০২০ সালের আনুমানিক ১ কোটির দ্বিগুণের বেশি। এর ফলে স্ট্রোক হয়েছে এমন মানুষের হার মোট জনসংখ্যার ৩ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০৫০ সালে ৬ দশমিক ৪ শতাংশে পৌঁছাবে।
এই হিসাব পেতে গবেষকেরা ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত সংগৃহীত ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভের তথ্য বিশ্লেষণ করেছেন। বিভিন্ন বয়স, লিঙ্গ এবং জাতিগত জনগোষ্ঠীর প্রবণতা ধরে তারা এই পূর্বাভাস তৈরি করেছেন।
ভবিষ্যতের চিকিৎসা ব্যয় বোঝার জন্য দলটি এই স্বাস্থ্য প্রবণতার সঙ্গে মেডিকেল এক্সপেন্ডিচার প্যানেল সার্ভের চিকিৎসা ব্যয়ের তথ্য মিলিয়ে দেখেছে।
ব্যয় সবচেয়ে বেশি বাড়বে কর্মক্ষম বয়সীদের ক্ষেত্রে। ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের স্ট্রোক-সংক্রান্ত মোট ব্যয় ২০৫০ সালের মধ্যে বছরে ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
সবচেয়ে বড় লাফ দেখা যাবে ২০ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রে। এই বয়সীদের বার্ষিক ব্যয় ২০২০ সালের ৭৯০ কোটি ডলার থেকে বেড়ে ৮ হাজার ৪৪০ কোটি ডলারে পৌঁছাবে বলে গবেষণায় বলা হয়েছে।
গবেষণার সঙ্গে যুক্ত নন এমন ক্যালিফোর্নিয়াভিত্তিক বোর্ড-সনদপ্রাপ্ত জরুরি চিকিৎসক ও সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আলফ্রেড জোশুয়া ফক্স নিউজ ডিজিটালকে বলেন, এই বৃদ্ধির পেছনে রয়েছে বয়স্ক জনসংখ্যা বাড়া এবং জরুরি চিকিৎসার অগ্রগতি। তাঁর ভাষায়, ‘মনোযোগ দিতে হবে কতজন মানুষ স্ট্রোকের পর বেঁচে থাকবেন সেই সংখ্যার দিকে। বয়সের সঙ্গে স্ট্রোকের ঝুঁকি তীব্রভাবে বাড়ে, আর ভালো চিকিৎসা মানে আরও বেশি মানুষ বেঁচে যান।’
ডা. জোশুয়া আরও বলেন, উচ্চ রক্তচাপ, স্থূলতা ও ডায়াবেটিসের মতো সমস্যা এখন অল্প বয়সেই দেখা দিচ্ছে, যা তরুণদের মধ্যেও স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। তরুণ বয়সে স্ট্রোক হলে আর্থিক ক্ষতি শুধু জরুরি বিভাগের চিকিৎসাতেই সীমাবদ্ধ থাকে না; কারও কারও মাসের পর মাস পুনর্বাসন লাগে এবং বাকশক্তি, চলাফেরা বা স্মৃতির সমস্যা কাজে ফেরার সময় বদলে দিতে পারে, এমনকি কাজে ফেরা অনিশ্চিতও হয়ে যেতে পারে।
ঝুঁকি কমাতে তিনি পরামর্শ দিয়েছেন, মধ্যবয়স পর্যন্ত অপেক্ষা না করে বিশ ও ত্রিশের কোঠা থেকেই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচকগুলোর দিকে নজর দিতে। তাঁর পরামর্শ— নিয়মিত রক্তচাপ মাপা, চিকিৎসকের পরামর্শে কোলেস্টেরল ও রক্তে শর্করা পরীক্ষা করা, ধূমপান ছাড়তে সহায়তা নেওয়া এবং সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট দ্রুত হাঁটার মতো নিয়মিত চলাফেরা অভ্যাসে পরিণত করা।
তবে গবেষকেরা জানিয়েছেন, এই পূর্বাভাসের কিছু সীমাবদ্ধতা রয়েছে। হিসাবটি ২০২০ সালের শুরু পর্যন্ত সংগৃহীত জাতীয় জরিপের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি, ফলে চিকিৎসা, স্বাস্থ্য অভ্যাস ও প্রতিরোধমূলক উদ্যোগ বদলালে প্রকৃত সংখ্যা ভিন্ন হতে পারে। প্রতিবেদনটি প্রকৃত রোগীদের দীর্ঘদিন অনুসরণ না করে অতীতের ধারা দেখে তৈরি, তাই ভবিষ্যতে আরও ভালো চিকিৎসা এলে সংখ্যাগুলো বদলে যেতে পারে।




