আকাশপথের অবকাঠামো আধুনিক না হলে ‘রোগী মারা যাবে’: ফেডএক্স নির্বাহীর সতর্কতা

যুক্তরাষ্ট্রের আকাশপথের অবকাঠামো আধুনিকায়ন করা ‘একেবারে জরুরি’ বলে সতর্ক করেছেন ফেডএক্সের নির্বাহী রিচার্ড স্মিথ। বছরের সবচেয়ে ব্যস্ত সময়ে প্রবেশের মুখে তিনি বলেছেন, জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের নির্ভরযোগ্য পরিবহনের ওপর নির্ভরশীল রোগীদের সুরক্ষার জন্য এই আধুনিকায়ন প্রয়োজন।
টেনেসির মেমফিসে ফেডএক্সের বৃহত্তম এয়ার এক্সপ্রেস হাবের ভেতর থেকে ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ অনুষ্ঠানে শনিবার স্মিথ বলেন, ‘আমরা যদি বিমানবন্দরে ঢুকতে ও বের হতে না পারি, রোগী মারা যাবে। এটাই পরিস্থিতির বাস্তবতা। আমাদের আকাশ অবকাঠামো আধুনিক করা এতটাই জরুরি, কারণ তা না হলে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা থাকবে না।’
স্মিথ ফেডএক্স ইন্টারন্যাশনালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এবং ফেডএক্স এয়ারলাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি জানান, কুরিয়ার প্রতিষ্ঠানটি প্রতিদিন ১ কোটি ৮০ লাখ প্যাকেজ পরিবহন করে, যার মধ্যে রয়েছে টিকা, চিকিৎসা যন্ত্র এবং অস্ত্রোপচারের জন্য রোগীদের প্রয়োজনীয় সরঞ্জাম।
স্মিথের বাবা ফেডএক্স প্রতিষ্ঠা করেছিলেন। স্মিথ বলেন, স্বাস্থ্যসেবা খাতে তাঁর প্রতিষ্ঠান ‘সবচেয়ে বড় অংশীদার’। পাশাপাশি তারা এআই বুমকে এগিয়ে নেওয়া সার্ভার ও অন্যান্য প্রযুক্তি উপাদানের মতো বিভিন্ন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামও পরিবহন করে।
স্মিথের এই সতর্কতা এমন সময়ে এল, যখন পরিবহনমন্ত্রী শন ডাফি দেশটির পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। গত ১৩ নভেম্বর দেশজুড়ে ফ্লাইট বন্ধ (গ্রাউন্ড স্টপ) থাকার ঘটনায় ১০ লাখের বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়।
ডাফি জানিয়েছেন, তিনি শিল্পটির টেলিযোগাযোগ অবকাঠামো, নজরদারি সক্ষমতা এবং বিমান চলাচল ব্যবস্থাপনা সফটওয়্যার উন্নত করতে চান। নভেম্বরে ‘হ্যানিটি’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আকাশসীমায় আমাদের বিমান পরিচালনায় যে সফটওয়্যার ব্যবহার করা হয়, তা ১৯৯০-এর দশকে তৈরি। এটি কাজ করে, ভালোভাবেই কাজ করে। কিন্তু আমরা যদি আরও নিরাপত্তা ও দক্ষতা আনতে চাই, তাহলে একেবারে নতুন সফটওয়্যার প্রয়োজন।’
ডাফির এই আধুনিকায়ন উদ্যোগকে সমর্থন জানিয়েছেন স্মিথ। তিনি বলেন, ফেডএক্সের মূলমন্ত্র ‘সবকিছুর ঊর্ধ্বে নিরাপত্তা’, যা এফএএর প্রিয় স্লোগান ‘নিরাপত্তাই আমাদের লক্ষ্য’-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়।
স্মিথ জোর দিয়ে বলেন, ফেডএক্সের আকাশ নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা শুধু প্যাকেজ সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁর ভাষায়, ‘আমরা আমেরিকা ও বিশ্বের শিল্প অর্থনীতির হৃৎস্পন্দন।’ তিনি আরও বলেন, তাঁদের এয়ার হাবগুলোর মধ্য দিয়ে, বিশেষ করে মেমফিসের এই হাবটি দিয়ে যা পরিবহন করা হয়, তার গুরুত্ব কোনোভাবেই কমিয়ে দেখা যায় না, কারণ এই হাব বিশ্বের সব প্রান্ত ছুঁয়ে যায়।




