শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী, এক বছরের চুক্তিতে নিয়োগ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নাট্যকার, লেখক ও গীতিকার মো. লতিফুল ইসলাম শিবলী। সরকার তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এর আগে এ পদে দায়িত্ব পালন করেছেন কবি রেজাউদ্দিন স্টালিন।
রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য শিবলীকে মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রেড-১ পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক করা হয়েছিল লতিফুল ইসলাম শিবলীকে। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে দুই বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর তাঁর সেই চুক্তির মেয়াদ শেষ হয়।
লতিফুল ইসলাম শিবলীর জন্ম নাটোর জেলায়। তিনি জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। নব্বইয়ের দশকজুড়ে তিনি ৪০০টির বেশি গান লিখেছেন।
তাঁর লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ ও ‘মাকে বলিস’; জেমসের ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী’, ‘বিবাগী’, ‘পালাবে কোথায়’, ‘মন্নান মিয়ার তিতাস মলম’ ও ‘গিটার কাঁদতে জানে’; তপন চৌধুরী ও শাকিলা জাফরের ‘তুমি আমার প্রথম সকাল’; মাইলসের ‘পলাশীর প্রান্তর’ এবং সোলসের ‘হাজার বর্ষা রাত’।
বাংলা একাডেমি প্রকাশ করেছে তাঁর ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’ (১৯৯৭) নামে ব্যান্ড সংগীতের ওপর লিখিত গবেষণাধর্মী প্রবন্ধগ্রন্থ। শিবলীর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’।




