ন্যূনতম মজুরি বাড়ানোর উদ্যোগ উল্টো শ্রমিকদের ক্ষতি করতে পারে, সতর্ক করলেন বিশেষজ্ঞ

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতির পর দেশজুড়ে আইনপ্রণেতারা ন্যূনতম মজুরি বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন। জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগ মেটাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব প্রস্তাব শ্রমিক ও ব্যবসার ওপর উল্টো প্রভাব ফেলতে পারে।
এমপ্লয়মেন্ট পলিসিস ইনস্টিটিউটের গবেষণা পরিচালক রেবেকা প্যাক্সটন বলেছেন, ঘণ্টাপ্রতি মজুরি ১৫, ২০ এমনকি ২৫ ডলারে তোলার প্রস্তাবের অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে—চাকরি হারানো, কাজের ঘণ্টা কমে যাওয়া এবং ভোক্তাদের জন্য দাম বেড়ে যাওয়া।
প্যাক্সটন বলেন, ‘দিনশেষে সরকার বলছে, মজুরি বাবদ খরচ দ্বিগুণ দিতে হবে; কিন্তু তার মানে এই নয় যে ব্যবসা হঠাৎ সেই খরচ মেটানোর মতো বেশি আয় করতে শুরু করবে।’
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো অঙ্গরাজ্যটির বর্তমান ঘণ্টাপ্রতি ৭ দশমিক ২৫ ডলার ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৫ ডলার করাকে অগ্রাধিকার দিয়েছেন। এই পদক্ষেপ নেওয়া হলে বর্তমান হার দ্বিগুণের বেশি হয়ে যাবে।
মার্কিন পরিবারগুলোর কাছে সাধ্যের মধ্যে জীবনযাপন এখন বড় উদ্বেগের বিষয়। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা মজুরি বৃদ্ধিকে এর একটি সম্ভাব্য সমাধান হিসেবে দেখছেন। প্যাক্সটন বলেন, ‘আমার মনে হয়, সবচেয়ে সহজ প্রস্তাবগুলোর একটি হলো বলা—চলুন, সবার আয় বাড়িয়ে দিই।’
তবে তিনি সতর্ক করে বলেন, বেতন বাবদ খরচ বেড়ে গেলে নিয়োগদাতারা প্রথমে দাম বাড়ানোর চেষ্টা করতে পারেন, যাতে ব্যয় নিয়ে হিমশিম খাওয়া ক্রেতারা দূরে সরে যেতে পারেন। সেই বাড়তি দামে খরচ না উঠলে ব্যবসাগুলো কর্মীদের ঘণ্টা কমাতে, পদ বিলুপ্ত করতে কিংবা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
প্যাক্সটন বলেন, ‘আমরা দেখছি দাম বেশি, চাকরি কম, আর যাঁদের চাকরি থাকছে, তাঁদের ক্ষেত্রেও প্রত্যাশার চেয়ে কম ঘণ্টা।’ তিনি আরও সতর্ক করেন, নিয়োগদাতারা কর্মঘণ্টা কমিয়ে দিলে শেষ পর্যন্ত শ্রমিকেরা বেশি ঘণ্টাপ্রতি মজুরি পেয়েও আগের চেয়ে কম আয় করতে পারেন।
ন্যূনতম মজুরি বৃদ্ধি কর্মসংস্থানে কী প্রভাব ফেলে, তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তবে প্যাক্সটন আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন, ব্যাপক হারে মজুরি বাড়ানোর দিকে এগোনোর আগে ব্যবসা ও শ্রমিকদের ওপর সম্ভাব্য পরিণতি বিবেচনা করতে।




