থ্যাঙ্কসগিভিং শেষে বাড়ি ফেরার ভিড়ে যুক্তরাষ্ট্রে ঝড়ের সতর্কতা, রোববার সকালেই বাতিল সাড়ে ৪০০ ফ্লাইট

থ্যাঙ্কসগিভিং ছুটি শেষে বাড়ি ফেরার পথে থাকা লাখো মানুষের যাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে তীব্র আবহাওয়া। রোববার থেকে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে এই আবহাওয়ার প্রভাব পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া সেবার (এনডব্লিউএস) ওয়েদার প্রেডিকশন সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলজুড়ে ফ্লোরিডা থেকে মেইনের কিছু অংশ পর্যন্ত বৃষ্টি বিস্তৃত হবে, আর আলাবামা ও টেনেসিসহ দক্ষিণের কিছু অংশে বজ্রঝড় হতে পারে।
পশ্চিম উপকূলে ঝড়ের কারণে আগামী সপ্তাহ পর্যন্ত ‘ব্যাপক বৃষ্টি, পাহাড়ি তুষারপাত, দমকা থেকে প্রবল বাতাস, উপকূলীয় বন্যা ও বড় ঢেউ’ আসবে বলে রোববার জানিয়েছে এনডব্লিউএস।
এনডব্লিউএস আরও বলেছে, ‘এ ছাড়া দক্ষিণ যুক্তরাষ্ট্রের বড় অংশজুড়ে ঝোড়ো পরিস্থিতি থাকবে, বিশেষ করে যেখানে নিম্নচাপ কেন্দ্রের ঠিক পেছনে ঠান্ডা বাতাস রয়েছে। প্রকৃতপক্ষে, আজ সকালে দক্ষিণ-মধ্য হাই প্লেইনসজুড়ে হারিকেন-শক্তির দমকা বাতাসের খবর পাওয়া গেছে।’
এনডব্লিউএসের আবহাওয়াবিদ ব্রায়ান হার্লি রোববার এনপিআরকে বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রভাব ফেলতে পারে এমন একটি শক্তিশালী ঝড়ব্যবস্থা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।
হার্লি রোববার বলেন, ‘এটি এখন সত্যিই আমাদের নজরে আছে, কারণ মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সেখানকার পর্বতমালা এবং লস অ্যাঞ্জেলেসের উত্তরের ট্রান্সভার্স রেঞ্জজুড়ে আকস্মিক বন্যা, এমনকি ভূমিধসেরও খুব ভালো ঝুঁকি রয়েছে বলে মনে হচ্ছে।’
এই তীব্র আবহাওয়া আসছে বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণদিনগুলোর একটিতে, যা থ্যাঙ্কসগিভিং ছুটির শীর্ষ ভ্রমণদিন। পরিবহন নিরাপত্তা প্রশাসনের (টিএসএ) তথ্য অনুযায়ী, শুধু রোববারই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ৩০ লাখের বেশি মানুষের তল্লাশি হবে বলে ধারণা করা হচ্ছে।
টিএসএর প্রশাসক ডেভিড পি. কামিন্স বলেছেন, নিরাপত্তায় মনোযোগ বজায় রেখে থ্যাঙ্কসগিভিং ছুটির ভ্রমণপর্বে প্রত্যাশিত বর্ধিত যাত্রীসংখ্যা সামলাতে সংস্থাটি প্রস্তুত।
পরিবহনমন্ত্রী শন ডাফি শনিবার বলেছেন, ছুটির পর্বে বেশির ভাগ বিলম্বের কারণ আবহাওয়া পরিস্থিতি। শনিবার তিনি যাত্রীদের আবহাওয়ার পূর্বাভাস এবং নিজ নিজ বিমানসংস্থা থেকে ফ্লাইটের হালনাগাদ তথ্য দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ফ্লাইটঅ্যাওয়্যার ডটকমের তথ্য অনুযায়ী, রোববার সকালে যুক্তরাষ্ট্রের ভেতরে, যুক্তরাষ্ট্রে আসা ও যুক্তরাষ্ট্র থেকে ছাড়া ১ হাজার ৬০০-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। রোববার সকালে ৪৫০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের এই মাসের শুরুর হিসাব অনুযায়ী, থ্যাঙ্কসগিভিং ছুটির পর্বে প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষের গাড়িতে ভ্রমণের কথা ছিল। এই সংখ্যা গত বছরের চেয়ে কম, যার একটি কারণ জ্বালানির বেশি দাম।




