অর্থনীতি বাঁচাতে বিটকয়েন ধনকুবেরের দ্বারস্থ ক্যারিবীয় দ্বীপ নেভিস, ১০০ কোটি ডলারের চুক্তি নিয়ে তীব্র বিতর্ক

ক্যারিবীয় দ্বীপ নেভিসের নেতারা সম্প্রতি প্রকাশ্যে আসা ১০০ কোটি ডলারের একটি চুক্তি নিয়ে ভাবছেন, যার আওতায় একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান দেশটির প্রায় ১২ শতাংশ ভূখণ্ড পেয়ে যাবে। আলেকজান্ডার হ্যামিল্টনের জন্মস্থান হিসেবে পরিচিত দ্বীপটিতে এই প্রস্তাব নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
বিরোধীদের আশঙ্কা, জমি দখল ও পরিবেশ লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে; কেউ কেউ একে ‘নব্য-ঔপনিবেশিক ব্যবস্থা’ বলেও বর্ণনা করেছেন। সমর্থকদের যুক্তি, সেন্ট কিটস ও নেভিস ইউরোপীয় ইউনিয়নের চাপে নাগরিকত্ব-বিনিময়ে-বিনিয়োগ কর্মসূচি গুটিয়ে নিচ্ছে—যে কর্মসূচি এক দশকের বেশি সময়ে সরকারের জন্য প্রায় ২৫০ কোটি ডলার করমুক্ত আয় এনেছে—এমন সময়ে এই চুক্তি দুর্বল অর্থনীতিকে চাঙা করবে। নেভিসের প্রধানমন্ত্রী মার্ক ব্র্যান্টলি রোববার বার্তা সংস্থা এপিকে বলেন, একসময় এই কর্মসূচি যমজ-দ্বীপ দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ শতাংশের বেশি ছিল।
ব্র্যান্টলি বলেন, ‘রাতারাতি এর বিকল্প পাওয়া কঠিন হবে। পৃথিবীর প্রতিটি দেশই বিদেশি বিনিয়োগ খুঁজছে, এমনকি মহান যুক্তরাষ্ট্রও।’ তাঁর সমাধান হলো বেলজিয়ামের এক বিটকয়েন ধনকুবের, যিনি নেভিসের দক্ষিণ উপকূলে মোনাকো বা দুবাইয়ের আদলে একটি আধা-স্বায়ত্তশাসিত স্বপ্নপুরী গড়ার পরিকল্পনা করেছেন।
প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ক্যারিবীয় অঞ্চলে প্রথম হবে। দক্ষিণ নেভিসের প্রায় ২ হাজার ৬৭০ একর (১ হাজার ৮০ হেক্টর) এলাকা নিয়ে এটি পরিচালনা করবে ডেস্টিনি ইন্টারন্যাশনাল লিমিটেড ও সাউথ নেভিস লিমিটেড। এলাকাটি করমুক্ত হবে এবং এর নিজস্ব দেওয়ানি বিধি থাকবে, তবে নাগরিকত্ব, বিচার, অভিবাসনসহ অন্যান্য ক্ষেত্রে তা সেন্ট কিটস ও নেভিসের সংবিধান ও স্থানীয় আইনের অধীনেই থাকবে। প্রস্তাবে সৈকত, জলাশয় ও ঐতিহ্যবাহী স্থানে জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।
অনুমোদন পেলে এই বিশেষ টেকসই অঞ্চলের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা এবং দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধির জন্য ‘কোড অব ডেস্টিনি’ থাকবে। সম্পত্তির মালিকেরা পরিবর্তনের প্রস্তাব দিতে পারবেন, আর পরিবেশগত মান বজায় রাখা হচ্ছে কি না তা নিশ্চিত করবেন নেভিসের একজন কর্মকর্তা।
সমালোচকদের অভিযোগ, অঞ্চলটি অনুমোদনকারী বিলটি গত বছর জনশুনানি ছাড়াই পাস হয়েছে। তবে ব্র্যান্টলি বলেছেন, অনুমোদন প্রক্রিয়া অন্য বিলের থেকে আলাদা ছিল না। তিনি আরও বলেন, নেভিস স্বাধীন হওয়ার পর তাঁর প্রশাসনই প্রথম উন্নয়নকারীদের সঙ্গে প্রস্তাবিত চুক্তি প্রকাশ্যে এনেছে। তাঁর ভাষায়, ‘আমরা প্রস্তাবিত চুক্তির পুরো ২২২ পৃষ্ঠা জনসমক্ষে প্রকাশ করেছি। মানুষ বিতর্ক করছে, খুঁটিয়ে দেখছে…কিন্তু এই সুযোগটাই এসেছে আমরা যে স্বচ্ছতা দেখিয়েছি তার ফলে।’
শুক্রবার ডেস্টিনি জানিয়েছে, চুক্তি নিয়ে সেন্ট কিটস ও নেভিসের কর্মকর্তাদের সঙ্গে তাদের ‘ব্যাপক ঐকমত্য’ হয়েছে। সোমবার নেভিসের আইনপ্রণেতারা জনপরামর্শের আগে এটি নিয়ে বিতর্ক করবেন। প্রতিষ্ঠানটি চারটি পাঁচতারা হোটেলের সঙ্গে সম্মতিপত্র সই করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, ‘সেন্ট কিটস ও নেভিসের নাগরিকেরাই নির্মাণ থেকে আতিথেয়তা পর্যন্ত সব কাজে প্রথম অগ্রাধিকার পাবেন, আর স্থানীয় ব্যবসায়ীরা পণ্য ও সেবা সরবরাহের সুযোগ পাবেন।’ প্রস্তাবিত উন্নয়নের স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিল—যারা বুর্জ খলিফা ও ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নকশা করেছে।
সরকার জোর দিয়ে বলেছে, জমির যেকোনো লেনদেন হবে স্বেচ্ছামূলক। তবে কিছু নেভিসবাসী বলছেন, বিক্রির জন্য নয় এমন সম্পত্তির জন্যও তাঁদের কাছে প্রস্তাব এসেছে এবং তাঁরা যেখানে বাস করেন সেই জমির দলিল ভূমি রেজিস্ট্রি থেকে পেতে পারেননি। ব্র্যান্টলি বলেন, কারও সমস্যা হলে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা উচিত; রেজিস্ট্রিতে সব তফসিলি জমির দলিল রয়েছে এবং সরকার উন্নয়নকারীদের কাছে ‘এক বর্গইঞ্চি জমিও বিক্রি করেনি’। সব জমি লেনদেন হবে বেসরকারি ও স্বেচ্ছামূলকভাবে, বলেন তিনি।
দুই প্রতিষ্ঠান ডেস্টিনিকে প্রথম সাড়ে পাঁচ বছরে ২৫ কোটি ডলার বিনিয়োগ করতে হবে, যার মধ্যে ২০৩১ সালের মধ্যে নেভিস আইল্যান্ড প্রশাসনকে ৫ কোটি ডলার দিতে হবে। প্রথম ১ কোটি ডলার যাবে দ্বীপের হাসপাতাল সম্প্রসারণ ও সংস্কারে। ডেস্টিনি নিট মুনাফার ১০ শতাংশ নেভিস সরকারকে এবং আরও ১০ শতাংশ একটি যৌথভাবে পরিচালিত অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও উন্নয়ন তহবিল কে পরিচালনা করবে এবং অর্থ কীভাবে ব্যবহার হবে তা এখনো ঠিক হয়নি, বলেন ব্র্যান্টলি। এ ছাড়া সরকার প্রতিটি নতুন বাড়ি বিক্রির জন্য ১০ হাজার ডলার পাবে এবং অঞ্চলের নিট মুনাফার ৫ শতাংশ সরাসরি নেভিসবাসীদের দেওয়া হবে; সেই পরিকল্পনার বিস্তারিত এখনো তৈরি হচ্ছে বলে জানান তিনি।
এ ছাড়া নেভিস বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের বছরে ১০ লাখ ডলার বৃত্তি পাবে; বৃত্তিপ্রাপ্তদের দেশে ফিরে অন্তত পাঁচ বছর কাজ করতে হবে। ডেস্টিনির প্রতিষ্ঠাতা অলিভিয়ের জ্যানসেনস রোববার এপিকে বলেন, উন্নয়ন লাভজনক না হওয়া পর্যন্ত তিনি প্রতিটি নেভিসবাসীকে মাসে ১০০ ডলার করে দেওয়ার পরিকল্পনা করেছেন; লাভজনক হলে নেভিসবাসীদের জন্য প্রস্তাবিত ৫ শতাংশ রাজস্ব কার্যকর হবে। তিনি সরকারের সঙ্গে আবাসিক বিদ্যুৎ বিল কমাতেও কাজ করছেন। চুক্তি অনুমোদন পেলে সরকার একটি মেরিনার জন্য ২ হাজার ১৪১ একর (৮৬৬ হেক্টর) সমুদ্রতল লিজ দেবে, আর উন্নয়নকারীরা প্রবাল পুনরুদ্ধার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে।
গত বছর চুক্তির বিস্তারিত প্রকাশের আগেই সেন্ট কিটস ও নেভিসের সাবেক প্রধানমন্ত্রী টিমোথি হ্যারিস প্রস্তাবটিকে ‘জনগণের সঙ্গে ভয়াবহ বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছিলেন এবং সরকারের বিরুদ্ধে গোপনে ও বিদেশি শক্তির হাতে বন্দি ব্যক্তিদের স্বার্থে আইন তৈরির অভিযোগ তুলেছিলেন। তিনি প্রস্তাবটিকে ‘জঘন্য ও পশ্চাদমুখী’ বলেও বর্ণনা করেছিলেন।
আঞ্চলিক বাণিজ্য জোট ক্যারিকম আগস্টে এক বিবৃতিতে বলেছে, ক্যারিবীয় অঞ্চলে এ ধরনের অঞ্চল ও প্রণোদনা ব্যবস্থা আগে কাজ করেছে, আবার ‘বারবার ব্যর্থও হয়েছে, এবং ব্যর্থতার ধরনগুলো একই রকম’। জোটটি উদাহরণ হিসেবে আকারের অসামঞ্জস্যের কথা বলেছে—খুব ছোট দ্বীপে ভাড়াটে, শ্রমিক, বিদ্যুৎ ও মাল পরিবহনের পরিমাণ সীমিত। সমালোচকেরা আরও বলছেন, এমন উন্নয়ন দ্বীপের সম্পদের ওপর চাপ ফেলবে; গত এক দশকে আঞ্চলিক খরা অব্যাহত থাকায় নেভিসকে কয়েকবার পানি রেশনিং করতে হয়েছে। জ্যানসেনস বলেছেন, শক্তির ৭০ শতাংশই আসতে হবে নবায়নযোগ্য উৎস থেকে এবং উন্নয়নকারীরা বৃষ্টির পানি সংগ্রহ ও জলাধারে বিনিয়োগের পরিকল্পনা করেছেন।
ব্র্যান্টলি বলেন, ‘কোনো প্রকল্পই নিখুঁত নয়। ডেস্টিনি না হলে কী হবে?…আমাদের ছোট্ট দ্বীপ নেভিসের বৈচিত্র্য, অর্থনৈতিক সম্প্রসারণ ও উন্নয়নের জন্য আপনারা কী প্রস্তাব করেন?’




