ইরান স্টারলিংক ব্যবহার করে হামলা চালিয়েছে—ওয়াশিংটন পোস্টের দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলল স্পেসএক্স, প্রত্যাহার দাবি
ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলায় স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে—মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স।
রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে স্পেসএক্স প্রতিবেদনটি প্রত্যাহারের পাশাপাশি ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, মার্কিন জনগণকে বিভ্রান্ত করা হয়েছে এবং সপ্তাহখানেক আগেই গল্পটি মিথ্যা বলে জানিয়ে দেওয়ার পরও পত্রিকাটি তা প্রকাশ করেছে।
এক্সে দেওয়া পোস্টে স্পেসএক্স বলেছে, ‘স্পষ্ট করে বলছি, ইরানি বাহিনী স্টারলিংক ব্যবহার করেছে—এমন কোনো প্রমাণ আমাদের কাছে অভ্যন্তরীণভাবে নেই, পেন্টাগনের কাছ থেকেও নেই। কারণ এমন ঘটনা কখনো ঘটেইনি।’
স্টারলিংক হলো স্পেসএক্সের নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্ক, যা বিশ্বজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা দেয়।
এর আগে শনিবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের কথা জানতে পেরে মাস্ক ক্ষুব্ধ হন এবং তাঁর দল মনে করেছে, সেগুলো মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের তৎপরতার সঙ্গে যুক্ত। প্রতিবেদনটি প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুই অজ্ঞাতনামা সূত্রের বরাতে তৈরি।
প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পরের দিনগুলোতে এসব ঘটনা শনাক্ত করা হয় এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনে ইরানি সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের কথা বলা হয়।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিবৃতিতে বলেছে, এই বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো কোনো প্রতিবেদন সম্পর্কে তারা অবগত নয়।
ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছিল, মাস্ককে বলা হয়েছিল মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী ড্রোন উড়িয়েছে।
ইরানে স্টারলিংক পরিচালনার লাইসেন্স নেই, তবে মাস্ক এর আগে বলেছেন সেখানে এই সেবা সক্রিয় রয়েছে।
যুদ্ধ শুরুর পর থেকে ইরান সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভসহ অস্থিরতার সময়গুলোতেও সরকার জনসাধারণের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে।
ফেব্রুয়ারিতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইন্টারনেট বন্ধ ও সেন্সরশিপ এড়াতে ভিন্নমতাবলম্বীদের সাহায্য করতে মার্কিন সরকার আনুমানিক ৬ হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাচার করেছে।




