…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
জাতীয়

ধামরাইয়ে ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গা, বিসর্জন নয় — হয় দর্পণ বিসর্জন

নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজা শেষে সাধারণত প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী বণিকবাড়িতে দেখা যায় এই রীতির ব্যতিক্রম। সেখানে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় না; প্রতীকী দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

আট ফুট উচ্চতার এই প্রতিমাটি তৈরি করা হয় ২০১৭ সালে। এটি নির্মাণে সময় লেগেছিল প্রায় এক বছর, আর ব্যয় হয়েছিল প্রায় ২৫ লাখ টাকা।

প্রতিমাটি তৈরি হয়েছে আট ধরনের ধাতু — সোনা, রুপা, পারদ, দস্তা, সীসা, লোহা, রাং ও তামা দিয়ে। দেবী দুর্গার পাশাপাশি রয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের মূর্তি।

প্রতিমার অবয়ব ও চোখের নকশায় অনুসরণ করা হয়েছে বাংলার প্রচলিত রীতি। এর চোখগুলো তৈরি করা হয়েছে বাঁশপাতার আদলে।

বণিকবাড়ির সদস্য সুকান্ত বণিক জানান, তাদের পরিবারের সদস্যরাই প্রতিমাটি তৈরি করেছেন। প্রায় ২০০ বছর ধরে তাদের পরিবার তামা, কাঁসা ও পিতলের বিভিন্ন পণ্য তৈরির সঙ্গে যুক্ত।

সুকান্ত বণিক বলেন, “আগে মাটির প্রতিমা তৈরি করে পূজা হতো। পরিবারের সদস্য কমে যাওয়ায় স্থায়ী একটি প্রতিমা তৈরির চিন্তা আসে। পরে আমরা নিজেরাই এটি তৈরি করি।”

তিনি জানান, প্রতিমাটি তাদের পারিবারিক পূজা-অর্চনার জন্য তৈরি করা হয়েছে, বিক্রির জন্য নয়। তবে কেউ অর্ডার দিলে এ ধরনের প্রতিমা তৈরি করা সম্ভব; কাজটি সময়সাপেক্ষ হওয়ায় নির্মাণে দীর্ঘ সময় প্রয়োজন হয়।

বণিকবাড়িতে দুর্গাপূজার ঐতিহ্য প্রায় ১২৬ বছরের। একসময় এখানে মাটির প্রতিমা তৈরি করে পূজা করা হতো। পরে পরিবারের সদস্য ও লোকবল কমে আসায় স্থায়ী প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালে অষ্টধাতুর প্রতিমাটি নির্মাণের পর থেকে প্রতিবছর পূজার আগে এটি নতুন করে সাজানো হয়।

প্রতিবছর দুর্গাপূজার সময় প্রতিমাটি দেখতে বণিকবাড়িতে ভিড় করেন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। পূজার পাঁচ দিন বাড়ি ও পূজামণ্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়।

প্রতিমা দেখতে আসা মানুষের পাশাপাশি বাড়িটির পুরনো স্থাপত্য, নান্দনিক কারুকাজ এবং কাঁসা ও পিতলের তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তিও দর্শনার্থীদের আকৃষ্ট করে। বাড়ির বিভিন্ন স্থানে রয়েছে নটরাজসহ নানা দেবদেবীর প্রতিমা।

প্রতিমাটি দেখতে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে এসেছিলেন খালিদ হোসেন ও তার বন্ধু দীপঙ্কর দাস। পরিচিতজনদের কাছে এই ব্যতিক্রমী প্রতিমার কথা শুনে তারা এখানে আসেন।

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে আসা বৃষ্টি সরকার বলেন, “সব জায়গায় মাটির প্রতিমা দেখা যায়। এখানে ধাতু দিয়ে এমন প্রতিমা তৈরি করা হয়েছে। এটি দেখতে এসে খুব ভালো লাগছে।”

সুকান্ত বণিক জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি বিদেশি দর্শনার্থী ও বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও প্রতিমাটি দেখতে এসেছেন। এটি নিয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বণিক পরিবারের দীর্ঘদিনের ধাতুশিল্পের ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই প্রতিমা এখন ধামরাইয়ের বণিকবাড়ির দুর্গাপূজার অন্যতম আকর্ষণ। পূজা শেষে প্রতিমাটি নিজ স্থানেই সংরক্ষণ করা হয়, আর বিসর্জনের পরিবর্তে প্রতীকী দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ধর্মের নামে দেশে কোনো বিভেদ নয়, একমাত্র পরিচয় বাংলাদেশের নাগরিক: চট্টগ্রামে পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে ধর্মের নামে যেন কোনো বিভেদ না থাকে—সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব…

জাতীয়

দক্ষিণ কোরিয়ার চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ, সিউলে প্রতিমন্ত্রী নুরের তাগিদে কর্মীর সুযোগ বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ, যোগ্য ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ …

জাতীয়

বিডিআরআইএস রক্ষণাবেক্ষণে সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সব কার্যক্রম

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য সাত দিন বন্ধ থাকবে। এ সময়ে সারা দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্…

জাতীয়

চট্টগ্রামে পূজামণ্ডপে প্রধানমন্ত্রী: ‘সবার একমাত্র পরিচয় বাংলাদেশি’, পূজা পরিষদকে ২০ লাখ টাকার অনুদান

রংপুর ও রাজশাহী সফরের পর এবার চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জে জে এম সেন হলের পূজামণ…