মেক্সিকোতে মেলার চলন্ত রাইড থেকে পড়ে ১৮ বছরের তরুণীর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ও তদন্ত শুরু
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যে একটি উৎসবের মেলায় চলন্ত রাইড থেকে পড়ে ১৮ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। এই ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে এবং স্থানীয় নাগরিক সুরক্ষা বিভাগের প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিহত তরুণীর নাম গ্যাব্রিয়েলা রদ্রিগেজ তেজোকো। তিনি কাবো সান লুকাসের ঐতিহ্যবাহী উৎসবে ‘এল পেন্ডুলো’ নামের একটি রাইডে চড়েছিলেন, যার নামের অর্থ দোলক।
স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেসোর বরাতে জানা গেছে, যন্ত্রটি চলমান থাকা অবস্থায় তিনি কোনোভাবে আসন থেকে ছিটকে মাটিতে পড়ে যান। কাছেই তখন দর্শকরা দাঁড়িয়ে ছিলেন।
ঘটনার পর রাষ্ট্রীয় তদন্তকারী ও পৌর পুলিশসহ জরুরি কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তরুণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন।
তাঁকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু স্থানীয় প্রতিবেদন অনুযায়ী হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই তিনি আঘাতের কারণে মারা যান।
লস কাবোস নগর পরিষদ স্প্যানিশ ভাষায় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, যান্ত্রিক আকর্ষণ এলাকায় আহত তরুণীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য স্থানান্তর করা হলেও স্বাস্থ্যকর্মীদের চেষ্টা সত্ত্বেও তিনি প্রাণ হারিয়েছেন।
এই প্রাণঘাতী দুর্ঘটনার পর প্রশাসনিক প্রতিক্রিয়া দ্রুত এসেছে। মেক্সিকোর সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পৌর নাগরিক সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে।
তদন্তকারীরা যাতে বিভাগের নথি, নিরাপত্তা প্রোটোকল ও পরিচালনার অনুমতিপত্রে বাধাহীন প্রবেশ পান, সেজন্য একজন ভারপ্রাপ্ত পরিচালক নিয়োগ করা হয়েছে বলে এক্সপ্রেসো জানিয়েছে।
বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দায় নির্ধারণে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রকৌশল ও স্থাপত্যে ফরেনসিক বিশেষজ্ঞরা রাইডটি পরীক্ষা করে দেখছেন, এটি নিরাপত্তা মান পূরণ করেছিল কি না।
সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত কর্তৃপক্ষ রাইডের পরিচালকদের নাম প্রকাশ করেনি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
দুর্ঘটনার পরপরই লস কাবোসের মেয়র ক্রিশ্চিয়ান আগুন্দেজ ‘এল পেন্ডুলো’ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেন এবং মেলার মাঠের অন্য সব আকর্ষণের প্রতিরোধমূলক নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক করেন।
একই সন্ধ্যায় উৎসবের এক কনসার্টে বক্তব্য দিতে গিয়ে আগুন্দেজ শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে সম্প্রদায়কে আহ্বান জানান এবং পৌরসভার সহায়তার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আজ উদ্যাপনের মনোভাব নিয়েই সবাইকে গ্যাব্রিয়েলার পরিবারকে সমর্থন করতে একত্র হতে হবে; এটি যে কারও ক্ষেত্রে ঘটতে পারত এবং পরিবারটি একা নয়।
প্রতিবেদন অনুযায়ী রদ্রিগেজ তেজোকো ২০২৬ সালের উচ্চবিদ্যালয়ের স্নাতক ছিলেন। তাঁর মৃত্যু কাবো সান লুকাসে ক্ষোভ ও শোকের জন্ম দিয়েছে, আর তদন্তের ফলাফলের দিকে এখন সবার নজর—রাইডটির নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না এবং দায় কার, তা নির্ধারণই তদন্তের মূল কাজ।






