…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
ভ্রমণ

গাছ নেই, তবু নাম ‘পাথুরে বন’: ২৭ কোটি বছরের শিলিনের বিস্ময়কর ভূদৃশ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকৃতির হাতে তৈরি ভূদৃশ্য কতটা বিচিত্র হতে পারে, তার এক অনন্য উদাহরণ চীনের ইউনান প্রদেশের শিলিন পাথুরে বন। দূর থেকে দেখলে মনে হবে, বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। কাছে গেলে বোঝা যায়, সেগুলো গাছ নয় — আকাশের দিকে উঠে থাকা বিশাল সব পাথর।

ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পাথুরে বন। মৃদু আবহাওয়ার জন্য কুনমিং পরিচিত ‘চির বসন্তের শহর’ নামে। সেই শহর থেকে সড়কপথে শিলিনে পৌঁছে দেখা যায়, সবুজ বনভূমির প্রচলিত ধারণার বাইরে এক বিশাল পাথুরে জগৎ।

কোথাও সরু স্তম্ভ, কোথাও খাঁজকাটা দেয়ালের মতো শিলা, আবার কোনো পাথরের অবয়বের সঙ্গে মিলে যায় মানুষ কিংবা পশুপাখির আকৃতি। এই বৈচিত্র্যই শিলিনকে অন্য প্রাকৃতিক দর্শনীয় স্থান থেকে আলাদা করেছে।

শিলিনের পাথুরে ভূদৃশ্য গড়ে উঠেছে দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ায়। বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, প্রায় ২৭ কোটি বছর আগে এই অঞ্চলে সামুদ্রিক পরিবেশ ছিল। সমুদ্রের তলদেশে জমা হওয়া চুনাপাথর পরবর্তী সময়ে ভূত্বকের পরিবর্তন, পানি ও ক্ষয়ের প্রভাবে নানা আকার ধারণ করে।

দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়া চলতে থাকায় তৈরি হয়েছে পাথরের উঁচু স্তম্ভ, সরু পথ ও গোলকধাঁধার মতো গঠন। অর্থাৎ আজকের এই ‘বন’ আসলে কোটি কোটি বছরের প্রাকৃতিক পরিবর্তনের ফল।

পাথরগুলোর উচ্চতা ও আকৃতিতে রয়েছে বিস্তর পার্থক্য। কিছু শিলা কয়েক মিটার উঁচু, আবার কিছু প্রায় ৪০ মিটার পর্যন্ত উঠে গেছে। ধূসর রঙের পাথরগুলো বৃষ্টিতে ভিজে গেলে গাঢ় খয়েরি আভা ধারণ করে। তখন শিলাস্তম্ভের খাঁজ ও গায়ে তৈরি হওয়া ছায়া ভূদৃশ্যটিকে আরও নাটকীয় করে তোলে।

শিলিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে আশিমা নামের এক তরুণীকে ঘিরে প্রচলিত লোককাহিনি। স্থানীয় সানি জনগোষ্ঠীর সংস্কৃতিতে পরিচিত এই কাহিনিতে আশিমার প্রেম, পারিবারিক বাধা ও বেদনার কথা বলা হয়।

উপকথা অনুযায়ী, আশিমা অন্য এলাকার এক যুবকের প্রেমে পড়েছিলেন। কিন্তু পরিবারের আপত্তিতে তাঁদের সম্পর্ক পূর্ণতা পায়নি। গভীর দুঃখে আশিমা পাথরে পরিণত হন। তাঁর পাশে একের পর এক পাথর উঠে আসে, যেন সেগুলো তাঁকে একা থাকতে দিচ্ছে না।

শিলিনের একটি পাথরের অবয়বকে স্থানীয়ভাবে আশিমার সঙ্গে মিলিয়ে দেখা হয়। দূর থেকে সেটিকে মাথায় কাপড় বাঁধা, পিঠে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা এক তরুণীর মতো মনে হয়। এটি স্থানীয় জনগোষ্ঠীর লোকবিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

আশিমার কাহিনি স্থানীয় সানি জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয়েরও অংশ। প্রতি বছর ২৪ জুনের কাছাকাছি সময়ে পালিত হয় ঐতিহ্যবাহী মশাল উৎসব, যা ‘টর্চ ফেস্টিভ্যাল’ নামেও পরিচিত। উৎসবকে ঘিরে লোকনৃত্য, কুস্তি, ষাঁড়ের লড়াই এবং নানা ধরনের লোকজ আয়োজন দেখা যায়।

শিলিন পাথুরে বন বিস্তৃত একটি বড় ভূপ্রাকৃতিক অঞ্চল। এর বিভিন্ন অংশের মধ্যে লিজিং পাথুরে বন, নাইগু পাথুরে বন, ঝিয়ুন গুহা, চাং হ্রদ, ইউ হ্রদ, দাদিয়ে জলপ্রপাত ও কিফেং গুহার নাম উল্লেখযোগ্য। প্রতিটি এলাকার ভূপ্রকৃতিতে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য।

২০০৭ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় দক্ষিণ চীনের কার্স্ট ভূপ্রকৃতির অংশ হিসেবে শিলিনের কয়েকটি এলাকা। এই স্বীকৃতি জায়গাটির ভূতাত্ত্বিক গুরুত্বকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছে।

শিলিন ঘুরে দেখার জন্য রয়েছে নির্দিষ্ট হাঁটার পথ। বিশাল পাথরের মাঝখানে তৈরি সরু গলি ধরে এগোলে কখনো মনে হবে পাথরের দেয়াল দুপাশ থেকে ঘিরে ধরেছে, আবার কোথাও পথ খুলে গিয়ে সামনে দেখা দেবে বিস্তৃত শিলাস্তম্ভের সারি। অনেক জায়গায় পাথরের আকৃতি ও অবস্থানের কারণে একই ভূদৃশ্যকে ভিন্ন ভিন্ন দিক থেকে আলাদা দেখায়।

এলাকার নির্দিষ্ট অংশ ঘুরে দেখার জন্য বৈদ্যুতিক যানবাহনের ব্যবস্থাও রয়েছে। তবে পাথরের গঠন কাছ থেকে দেখতে চাইলে হাঁটাপথে ঘোরাই বেশি ভালো বলে মনে করেন অভিজ্ঞ ভ্রমণকারীরা।

শিলিনের বিশেষত্ব এর পাথরের আকারে যেমন, তেমনই কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসে। স্থানীয় উপকথা, সানি জনগোষ্ঠীর সংস্কৃতি ও প্রকৃতির দীর্ঘ পরিবর্তনের কারণে চীনের এই পাথুরে অঞ্চল এক বিরল প্রাকৃতিক ঐতিহ্যের পরিচয় বহন করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

ভ্রমণ বিভাগের আরও খবর

ভ্রমণ

বিচ কার্নিভালে কুয়াকাটায় পর্যটকের ঢল: হোটেলে রুম সংকট, নিরাপত্তায় বিশেষ বলয়

বিচ কার্নিভালকে কেন্দ্র করে শুক্রবারও (২৩ অক্টোবর) পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা। অনেক আগেই আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুল…

ভ্রমণ

ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা, কক্সবাজারে প্রশ্নের মুখে পর্যটন ব্যবস্থাপনা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার — দেশের পর্যটনশিল্পের প্রাণকেন্দ্র এবং বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম চালিকাশক্তি এই পর্যটন নগরী। প্রতিবছর দে…

ভ্রমণ

পূজার ছুটি আর বিচ কার্নিভালে জমজমাট কুয়াকাটা, দুই দিনে ৩ লাখ পর্যটকের প্রত্যাশা

শারদীয় দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকত। এর সঙ্গে যুক্ত হয়েছে পর্যটন করপোরেশন…

ভ্রমণ

সাজেকে গুলিবিনিময়ের পর নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন আটকে পড়া পর্যটকরা, ক্ষতি হয়নি কারও

রাঙামাটির সাজেকের উজোবাজারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলিবিনিময় হয়েছে। তবে এর আগেই উজোবাজারে আটকে থাকা পর্যটকরা নিরাপদে গন্তব্যে চলে গেছ…