…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
জাতীয়

ইলিশ ধরা বন্ধের ২২ দিনে সরকারি চাল পাননি লালমোহনের সাড়ে ১৬ হাজার জেলে, বাড়ছে ঋণ আর দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়ের সতেরো দিন পেরিয়ে গেলেও ভোলার লালমোহনের ছয়টি ইউনিয়নের প্রায় ১৬ হাজার ৫৭৫ জন জেলে এখনো তাদের বরাদ্দের মৎস্য ভিজিএফ চাল পাননি। ৭ অক্টোবরের মধ্যে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও দায়িত্বপ্রাপ্তরা তা বিতরণ করেননি বলে অভিযোগ উঠেছে।

এবার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মৎস্য অভয়ারণ্য এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। প্রতি বছর ইলিশসহ অন্যান্য মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকার এই ২২ দিন সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ করে।

নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে বন্ধ থাকে। মাছ আহরণ, পরিবহন ও বিক্রিও আইনত দণ্ডনীয়। মৎস্যসম্পদ রক্ষায় এই উদ্যোগকে প্রয়োজনীয় মনে করলেও জেলেদের জন্য সময়টি অত্যন্ত কঠিন, কারণ এই ২২ দিন তারা পুরোপুরি কর্মহীন হয়ে পড়েন।

কর্মহীন এই সময়ের জন্যই সরকার জেলেদের ২৫ কেজি করে চাল দিয়ে থাকে। কিন্তু এই বরাদ্দ নিয়েই জেলেদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। তাদের দাবি, তালিকাভুক্ত হয়েও প্রকৃত জেলেরা অনেক সময় চাল পান না। লালমোহন উপজেলায় মোট ২৪ হাজারের বেশি জেলে তালিকাভুক্ত থাকলেও চাল বরাদ্দ এসেছে ২১ হাজার জেলের জন্য।

বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানিয়েছেন, তালিকা প্রস্তুত এবং সমন্বয়হীনতার কারণে এখনো চাল বিতরণ করা হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, চাল বিতরণের জন্য অফিস থেকে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্তদের বারবার তাগিদ দেওয়া হয়েছে। তবে দু-একদিনের মধ্যে চাল বিতরণ সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন।

চাল বিতরণে বরাবরই অস্বচ্ছতার অভিযোগ থাকে। তবু নদীতে নিষেধাজ্ঞার আগেই বরাদ্দের চাল পাবেন, এমনটাই আশা করেছিলেন জেলেরা। কিন্তু নির্ধারিত সময় প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়ালেও জেলেদের হাতে এখনো চাল পৌঁছায়নি।

সময়মতো চাল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন জেলেরা। পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন তারা। এই সময় ধারদেনা করে তাদের চলতে হয়। এতে করে ক্ষোভ ও হতাশা দুটোই বাড়ছে জেলে পরিবারগুলোর মধ্যে।

উপজেলার মেঘনাপাড়ের জেলে কামরুল মাঝি, মাকসুদ মাঝি, আব্বাস মাঝি, রুবেল মাঝিসহ কয়েকজন মাঝি জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে আয়ের প্রধান উৎস বন্ধ থাকে। এ সময় সরকারি সহায়তার চালই তাদের একমাত্র ভরসা। সঠিক সময়ে চাল না পাওয়ায় তাদের ঋণ আরও বাড়ছে এবং অনেক কষ্টের মধ্যে দিন কাটছে।

জেলে পরিবারগুলো সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে পারছে না বলেও জানিয়েছেন তারা। এদিকে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকাও ধারদেনা করে শোধ করতে হচ্ছে, ফলে একটি ঋণ শোধ করতে গিয়ে আরেকটি ঋণের বোঝা তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চেয়ারম্যান ও স্থানীয় নেতাদের সমন্বয় এবং তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাইয়ে সমন্বয়হীনতার কারণে অনেক ইউনিয়নে জেলেরা এখনো সরকারি সহায়তার চাল থেকে বঞ্চিত রয়েছেন। তবে দু-একদিনের মধ্যে চাল বিতরণ করা হবে বলে চেয়ারম্যানরা আবারও জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, মৎস্য অফিস থেকে তালিকা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে সকল ইউনিয়নের চাল বিতরণ সম্পন্ন করার জন্য বলা হয়েছে। এখন জেলেদের অপেক্ষা, নিষেধাজ্ঞার শেষ দিনগুলোতে অন্তত প্রতিশ্রুত সেই চাল তাদের হাতে পৌঁছায় কি না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

ধুলার নিচে চাপা পড়া ৫০০ বছরের ইতিহাস ঝেড়েমুছে সাজাল কিশোরগঞ্জ বন্ধুসভা

ধুলায় জমে থাকা পুরোনো বই, পত্রিকা, ম্যাগাজিন আর হাতে লেখা পুঁথি। পাতায় পাতায় ছড়িয়ে আছে অতীতের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি আর মানুষের জীবনযাপনের নান…

জাতীয়

রংপুরের বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার সন্ধ্…

জাতীয়

সাজেক সড়ক সচল ও পরিস্থিতি স্বাভাবিক করতে খাগড়াছড়িতে সমন্বয় সভা, অবরোধকারীদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার প্রস্তাব

সাজেক সড়ক সচল করা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে খাগড়াছড়ি রিজিয়নে অনুষ্ঠিত এই সভা…

জাতীয়

বিএমইউ হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে কিশোরী সামিয়ার মৃত্যু, শোকে ভেঙে পড়লেন বাবা

রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক…