ঝড় বোয়েলোর তাণ্ডব যুক্তরাজ্যে: ৮০ মাইল বেগে হাওয়া, শত শত ফ্লাইট ও অনুষ্ঠান বাতিল, বন্যার সতর্কতা
যুক্তরাজ্যে আঘাত হেনেছে ঝড় বোয়েলো। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে দেশটির বিভিন্ন অংশে যাতায়াত ব্যাহত হয়েছে, অনুষ্ঠান বাতিল হয়েছে এবং বন্যার সতর্কতা জারি হয়েছে। শুক্রবার ঝড় অস্টেন আঘাত হানার পরপরই এই নতুন ঝড় এসেছে।
আবহাওয়া দপ্তরের অ্যাম্বার সতর্কতা শনিবার রাত ৯টা থেকে কার্যকর হয়েছে। সতর্ক এলাকার মধ্যে রয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং ইংল্যান্ডের একেবারে উত্তরাঞ্চল। এসব এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, আর উন্মুক্ত উপকূলীয় জায়গায় তা ৮০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
শনিবারই স্কটল্যান্ডের পশ্চিম দ্বীপপুঞ্জের সাউথ উইস্ট রেঞ্জ এলাকায় সর্বোচ্চ ৭৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড হয়েছে। বৃষ্টির জন্যও জারি হয়েছে একাধিক হলুদ সতর্কতা।
বোয়েলোর আগের ঝড় অস্টেন ছিল মৌসুমের প্রথম নামকরণ করা ঝড়। শুক্রবার সেটি যুক্তরাজ্যের অনেক অঞ্চলে প্রবল বাতাস বয়ে এনেছিল। সিসিলি দ্বীপপুঞ্জের সেন্ট মেরিস বিমানবন্দরে ৭৬ মাইল, দক্ষিণ-পশ্চিম ওয়েলসের অ্যাবারপোর্থে ৭৪ মাইল এবং কর্নওয়ালের কালড্রোজে ৭১ মাইল বেগে ঝোড়ো হাওয়া রেকর্ড হয়েছিল।
শনিবার সকাল ৮টা থেকে ভারী বৃষ্টিতে উইল্টশায়ারের হোয়াইট ব্যারো এলাকায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উত্তর ওয়েলসের স্নোডন পর্বতমালার দক্ষিণে কুম ডিলিতে ৪৩ মিলিমিটার এবং স্কটল্যান্ডের লক লোমন্ডের পশ্চিম তীরে ইনভারুগ্লাসেও ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অস্টেনের আঘাতের পর দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে শত শত বাড়ি শনিবারও বিদ্যুৎহীন ছিল। ন্যাশনাল গ্রিড জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ২২৫টি সম্পত্তিতে বিদ্যুৎ ফিরিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার অ্যাম্বার বাতাসের সতর্কতাটি স্কটল্যান্ডজুড়ে এবং ইংল্যান্ডের উত্তরে কার্লাইল পর্যন্ত শনিবার রাত ৯টা থেকে রোববার একই সময় পর্যন্ত সক্রিয় থাকবে। উত্তর-পূর্ব উত্তর আয়ারল্যান্ডে আরেকটি অ্যাম্বার সতর্কতা চলবে শনিবার রাত ৯টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত।
মৌসুমের দ্বিতীয় নামকরণ করা ঝড় বোয়েলো উড়ন্ত ধ্বংসাবশেষ ও আছড়ে পড়া ঢেউয়ের কারণে প্রাণের ঝুঁকি তৈরি করতে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে। মানুষকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে।
আবহাওয়া দপ্তরের প্রধান পূর্বাভাসক জেসন কেলি বলেছেন, ‘এই সপ্তাহান্তে ঝড় বোয়েলো পুরো যুক্তরাজ্যজুড়েই অনুভূত হবে, তবে সবচেয়ে শক্তিশালী বাতাস ও ব্যাঘাতের সবচেয়ে বড় সম্ভাবনা উত্তরে।’ তিনি বলেছেন, অন্য এলাকাতেও ৫০ থেকে ৬০ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টি, বিশেষ করে উত্তরে, বাড়তি বিপদ তৈরি করবে। তার পরামর্শ, মানুষ যেন যাতায়াত ও বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাতের জন্য প্রস্তুত থাকে।
ঝড়ের ব্যাঘাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ডাবলিন বিমানবন্দরে প্রবল বাতাসে ফ্লাইট ব্যাহত হয়েছে; শনিবার বিকেল ৪টা পর্যন্ত আবহাওয়ার কারণে বিমান সংস্থাগুলো ৯টি বহির্গামী ও ১০টি আগমনী ফ্লাইট বাতিল করেছে। ছয়টি আগমনী ফ্লাইটকে ‘গো-অ্যারাউন্ড’ করতে হয়েছে — পাঁচটি দ্বিতীয় চেষ্টায় অবতরণ করেছে, আর একটি অন্য বিমানবন্দরে গিয়ে কিছুক্ষণ পর ফিরে এসেছে।
নেটওয়ার্ক রেল ট্রেনের নিচে একটি ট্রাম্পোলিন ও রেললাইনের পাশে একটি শেডের ছবি প্রকাশ করে রেললাইনের কাছাকাছি বসবাসকারীদের বাগানের আসবাব শক্ত করে বেঁধে রাখার আহ্বান জানিয়েছে।
লিভারপুলে আলোকশিল্পের ‘রিভার অব লাইট’ অনুষ্ঠান নিরাপত্তার স্বার্থে বাতিল করা হয়েছে। লন্ডনে রোববারের বার্ষিক ‘দিওয়ালি অন দ্য স্কয়ার’ উদ্যাপনও স্বতন্ত্র স্বাস্থ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সুপারিশে বাতিল হয়েছে। রোববার বন্ধ থাকবে এডিনবরো দুর্গ এবং উত্তর ইয়র্কশায়ারের ফাউন্টেনস অ্যাবি এস্টেট, যেখানে ‘ফাউন্টেনস বাই ফ্লাডলাইট’ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
পরিবেশ সংস্থা শনিবার রাত ৮টা পর্যন্ত ইংল্যান্ডজুড়ে বন্যা সম্ভাবনার ৫৮টি সতর্কসংকেত এবং বন্যা প্রত্যাশিত বলে ১২টি সতর্কতা জারি করেছিল। পূর্বাভাস অনুযায়ী রোববার পর্যন্ত ঝড়ের প্রভাব থাকবে, তাই বাসিন্দাদের সর্বশেষ পূর্বাভাস ও সতর্কতার দিকে নজর রাখতে বলা হয়েছে।



