…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, তবে রপ্তানি কমেছে, দ্রুত এগোচ্ছে ভিয়েতনাম, চীন ও ভারত

নিজস্ব প্রতিবেদক
ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, তবে রপ্তানি কমেছে, দ্রুত এগোচ্ছে ভিয়েতনাম, চীন ও ভারত
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে চলতি বছরের প্রথম আট মাসে, জানুয়ারি থেকে আগস্টে, বাংলাদেশের ডেনিম রপ্তানি কমেছে। তার বিপরীতে প্রতিযোগী দেশ চীন, মিসর, ভিয়েতনাম ও ভারতের রপ্তানি দ্রুত হারে বাড়ছে।

ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের প্রথম আট মাসে ২৯৫ কোটি ইউরোর ডেনিম পোশাক আমদানি করেছে ইইউর দেশগুলো। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪০ শতাংশ কম।

ইইউর সামগ্রিক আমদানির তুলনায় বাংলাদেশ থেকে ডেনিম নেওয়ার পরিমাণ বেশি কমেছে। চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশ ৮৭ কোটি ইউরোর ডেনিম রপ্তানি করেছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৫ শতাংশ কম। ইইউর ডেনিম পোশাকের বাজারে বাংলাদেশের হিস্যা এখন ২৯ দশমিক ৪০ শতাংশ।

ইইউয়ে দ্বিতীয় শীর্ষ ডেনিম পোশাক রপ্তানিকারক পাকিস্তান। চলতি বছরের প্রথম আট মাসে ৫৩ কোটি ইউরোর ডেনিম রপ্তানি করেছে দেশটি। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮৮ শতাংশ কম। এখন ইইউর ডেনিম পোশাকের বাজার হিস্যার ১৭ দশমিক ৭৮ শতাংশ দেশটির দখলে রয়েছে।

এই বাজারে তৃতীয় ও চতুর্থ শীর্ষ ডেনিম পোশাক রপ্তানিকারক যথাক্রমে তুরস্ক ও তিউনিসিয়া। চলতি বছরের আট মাসে তুরস্কের ডেনিম পোশাকের রপ্তানি কমেছে ২১ শতাংশ। দেশটি রপ্তানি করেছে ৪৪ কোটি ইউরো। অন্যদিকে তিউনিসিয়া রপ্তানি করেছে ২২ কোটি ইউরোর ডেনিম।

চলতি বছরের প্রথম আট মাসে বাংলাদেশের রপ্তানি প্রায় ৬ শতাংশ কমলেও ভিয়েতনামের বেড়েছে ৪৫ শতাংশ। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চীন থেকে ইইউতে ডেনিম রপ্তানি চলতি বছরের প্রথম আট মাসে ১৭ দশমিক ৭০ শতাংশ বেড়ে ২০ কোটি ইউরো হয়েছে। বর্তমানে বাজারটিতে চীনের হিস্যা ৬ দশমিক ৬৭ শতাংশ। অন্যদিকে গত জানুয়ারি-আগস্টে মিসরের ডেনিম পোশাক রপ্তানি ৩১ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২০ কোটি ইউরো হয়েছে। বাজারটিতে মিসরের হিস্যাও ৬ দশমিক ৬৭ শতাংশ।

তার পরের অবস্থানে থাকা কম্বোডিয়া ও মরক্কোর ডেনিম পোশাক রপ্তানি কমেছে যথাক্রমে ৬ দশমিক ৪৭ শতাংশ ও ১৪ দশমিক ৪৮ শতাংশ। চলতি বছরের প্রথম আট মাসে কম্বোডিয়া ১৪ কোটি ইউরো ও মরক্কো ৬ কোটি ইউরোর ডেনিম রপ্তানি করেছে।

ইইউয়ে চলতি বছরের প্রথম আট মাসে পাঁচ কোটি ইউরোর ডেনিম তৈরি পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। এ ছাড়া ভারত গত জানুয়ারি-আগস্ট সময়ে তিন কোটি ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ১৮ দশমিক ৬২ শতাংশ।

ইইউর বাজারে চলতি বছরের শুরুতে বাংলাদেশ পিছিয়ে থাকলেও আগস্টে ডেনিম পোশাকের রপ্তানি ১২ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। এই সময়ে রপ্তানি হয়েছে ১৩ কোটি ৪১ লাখ ইউরো। ইইউর সামগ্রিক ডেনিম আমদানিও বেড়েছে। আগস্টে তাদের আমদানি ১১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৪৩ কোটি ইউরো হয়েছে।

আগস্টে পাকিস্তানের ডেনিম রপ্তানি প্রায় ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ইউরো। এই সময়ে তুরস্কের রপ্তানি ১৩ শতাংশ কমলেও তিউনিসিয়ার বেড়েছে প্রায় সাড়ে ৫ শতাংশ। অন্যদিকে আগস্টে চীনের রপ্তানি বেড়েছে প্রায় সাড়ে ১৭ শতাংশ। এ ছাড়া মিসরের রপ্তানি বেড়েছে সাড়ে ৫৯ শতাংশ। কম্বোডিয়ার রপ্তানি প্রায় ১১ শতাংশ বাড়লেও ভিয়েতনামের বেড়েছে ৫৬ শতাংশ। আর ভারতের রপ্তানি বেড়েছে ৫২ শতাংশ।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেছেন, বছরের প্রথম পাঁচ মাসে ক্রয়াদেশ কম থাকলেও পরের তিন মাস কিছুটা ভালো হয়। সে জন্য রপ্তানি কমার হার কমে আসছে। তবে প্রতিযোগী দেশগুলো রপ্তানিতে আমাদের চেয়ে বেশি প্রবৃদ্ধি করেছে। তার অন্যতম কারণ, আমরা ক্রেতা প্রতিষ্ঠানকে ভালো দাম দিতে পারছি না। গ্যাস-বিদ্যুতের উচ্চ মূল্যের পাশাপাশি সংকটে ভুগছে কারখানাগুলো। এতে উৎপাদন ব্যয় বাড়ছে। তা ছাড়া আমাদের পণ্যে বৈচিত্র্য প্রতিযোগী দেশগুলোর চেয়ে কম।

অপর এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন রুবেল বলেন, ইইউর সঙ্গে ভিয়েতনাম মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। ভারতও এফটিএ করার চূড়ান্ত পর্যায়ে আছে। সে কারণে ক্রেতাদের মধ্যে দেশ দুটি থেকে ডেনিম পোশাক কেনার আগ্রহ বাড়ছে। এলডিসি উত্তরণ হয়ে গেলে একটি নির্দিষ্ট সময় পর রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজারের সুবিধা বা জিএসপি থাকবে না। তখন শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করার জন্য আমাদেরও এফটিএ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

নির্ধারিত দামে মিলছে না এলপিজি, এবার চার্জ বাড়ানোর প্রস্তাব নিয়ে ২৯ অক্টোবর বিইআরসির গণশুনানি
অর্থনীতি ও ব্যবসা

নির্ধারিত দামে মিলছে না এলপিজি, এবার চার্জ বাড়ানোর প্রস্তাব নিয়ে ২৯ অক্টোবর বিইআরসির গণশুনানি

বাজারে নির্ধারিত দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) না পাওয়ার অভিযোগের মধ্যেই আবারও দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর এলপিজি…

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি জুয়েল ও স্ত্রীর ২৪ ব্যাংক হিসাবে ১৩ কোটি টাকার লেনদেনের সন্ধান
অর্থনীতি ও ব্যবসা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি জুয়েল ও স্ত্রীর ২৪ ব্যাংক হিসাবে ১৩ কোটি টাকার লেনদেনের সন্ধান

কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন চাঁপাইনবাবগঞ্জের মাদক কারবারি জুয়েল রানা (৩৪)। তাঁর মাদক কারবারের অর্থ কোথায় গেছে এবং কীভাবে সম্পদ গড়ে…

নিরীক্ষায় বঙ্গজ লিমিটেডের নানা আর্থিক অনিয়ম: সম্পদের রেজিস্টার নেই, শ্রমিক তহবিলের টাকা বিতরণ হয়নি
অর্থনীতি ও ব্যবসা

নিরীক্ষায় বঙ্গজ লিমিটেডের নানা আর্থিক অনিয়ম: সম্পদের রেজিস্টার নেই, শ্রমিক তহবিলের টাকা বিতরণ হয়নি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেডের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষায় নানা অব্যবস্থাপনার তথ্য উঠে এসেছে। নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটি যথাযথভাবে স্…

নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের ‘তারা’ কর্মসূচি: প্রশিক্ষণ, মেলা ও বাজার-সংযোগে এক হাজারের বেশি প্রশিক্ষিত
অর্থনীতি ও ব্যবসা

নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের ‘তারা’ কর্মসূচি: প্রশিক্ষণ, মেলা ও বাজার-সংযোগে এক হাজারের বেশি প্রশিক্ষিত

ব্র্যাক ব্যাংক তার নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর আওতায় নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন, প্রশিক্ষণ, পরামর্শ, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং ও…