নোট অব ডিসেন্ট বদলাতে চাইলে কমিটির বৈঠকে প্রস্তাব দিন: সালাহউদ্দিন আহমদ, জামায়াত বলছে আহ্বান অবান্তর

জুলাই জাতীয় সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে (ভিন্নমত) পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণও প্রত্যাশা করেন তিনি।
শনিবার ২৪ অক্টোবর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির অষ্টম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিরোধী দলকে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সংবিধান সংশোধন কমিটি একদলীয় সরকারের ক্ষমতা স্থায়ী করার চেষ্টা করেছিল। সেই কমিটির সঙ্গে গণতান্ত্রিক সরকারের অধীনে গঠিত বর্তমান কমিটিকে এক করে দেখা উচিত হবে না। বিরোধী দল যদি বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট শিথিল করার বিষয়ে কোনো প্রস্তাব দিতে চায়, তাহলে কমিটির বৈঠকে এসে তা জানাতে হবে।
সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে ‘সংবিধান সংস্কার’ পরিষদের কোনো অস্তিত্ব নেই। তবে গণভোটকে তারা স্বীকার করেন। গণভোটে উত্থাপিত প্রশ্ন নিয়ে বিতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়কে তারা সম্মান করেন। ভবিষ্যতে আবার গণভোট হলে তা সংবিধান সংস্কার সম্পর্কিত হবে।
নোট অব ডিসেন্ট পরিবর্তন নিয়ে সরকারের পক্ষ থেকে আলোচনার যে আহ্বান জানানো হয়েছে তা প্রত্যাখ্যান করেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের নোট অব ডিসেন্টের বিষয়গুলো জনগণ খারিজ করে দিয়েছেন। সুতরাং সংবিধান সংশোধন বিশেষ কমিটির কাছে প্রস্তাব দেওয়ার আহ্বান অবান্তর।
তিনি আরও বলেন, ‘বিরোধী দল জনগণের পক্ষে অবস্থান নিয়ে সংসদ ও রাজপথে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে আসছে। সরকারি দল জনগণের সাথে প্রতারণা করে নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তা এখতিয়ারবহির্ভূত ও ভুল পদ্ধতি। তাই আমরা ১১ দলের পক্ষ থেকে এটা ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছি।’




