সাংবাদিকদের পেটানোর হুমকির বক্তব্যে ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ
সাংবাদিকদের পেটানোর হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ইসলামি বক্তা সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক সাংবাদিক।
রোববার ঢাকার আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এই নোটিশ পাঠান। আইনজীবী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
অন্যথায় সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়ে মানহানি, হামলার হুমকি ও উসকানি দেওয়ার অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন আব্বাসী। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।’
ওই বক্তব্যে তিনি আরও বলেন, একজন যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তাঁর বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইন ভেঙে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু সাংবাদিকরা ইতিবাচক সংবাদ প্রচার করেনি, প্রচার করেছে পিস্তল নিয়ে দৌড়ানোর কথা। তিনি সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বলে মন্তব্য করেন এবং হলুদ সাংবাদিকতা ও বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে চলার অভিযোগ তোলেন। তিনি বলেন, বাংলাদেশ ভালো হোক, এটা তারা চায় না।
নোটিশে বলা হয়েছে, এই বক্তব্যের মাধ্যমে আব্বাসী নিজে এবং অনুসারীদের মাধ্যমে সাংবাদিকদের পেটানোর হুমকি দিয়েছেন, যা সাংবাদিকতার জন্য ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে।
নোটিশে তাঁর বক্তব্যকে সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের জন্য চরম অবজ্ঞামূলক, মানহানিকর এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলা হয়েছে।
নোটিশদাতা সাংবাদিক আজহারুল ইসলাম সুজন বলেন, ‘উনি একজন ইসলামি বক্তা হয়ে সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ সংবাদপত্র ও সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা খুবই ন্যক্কারজনক ঘটনা।’
সুজন আরও বলেন, তাঁরা ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য প্রত্যাখ্যান করে ক্ষমা প্রার্থনার জন্য আনুষ্ঠানিকভাবে নোটিশ দিয়েছেন। সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে তাঁরা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।




