এল ক্লাসিকোতে জোড়া গোল করে রাউলকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে, শীর্ষ পাঁচ লিগে গোল এখন ২৫৮

রিয়াল মাদ্রিদের জার্সিতে রেকর্ড গড়েই চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ক্যারিয়ারের গোলসংখ্যা ২৫৮-তে নিয়েছেন তিনি, ছাড়িয়ে গেছেন রিয়ালের কিংবদন্তি রাউল গঞ্জালেসকে।
লা লিগার দশম রাউন্ডে বার্সার মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের দুটি গোলই করেন এমবাপ্পে।
কিছুটা অপ্রত্যাশিতভাবে প্রথম গোলের দেখা পায় রিয়াল। বাঁ দিক থেকে দিয়োমান্দের ক্রস সামলাতে ব্যর্থ হন বার্সার জেরার্ড মার্তিন। বল এমবাপ্পের গায়ে লেগে দিক পরিবর্তন করলে পা দিয়ে সেটিকে জালে পাঠান ফরাসি তারকা। ম্যাচের ৮৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
ফরাসি পরিসংখ্যানভিত্তিক নেটওয়ার্ক স্ট্যাটস ফুট জানিয়েছে, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে পেশাদার ক্যারিয়ারে এমবাপ্পের গোলসংখ্যা এখন ২৫৮। রাউলের গোলসংখ্যা ছিল ২৫৬।
বার্সার বিপক্ষে এমবাপ্পের রেকর্ডও সমৃদ্ধ। অফিশিয়াল ম্যাচে কাতালান ক্লাবটির বিপক্ষে এখন পর্যন্ত ১৪টি গোল করেছেন তিনি। স্ট্যাটস ফুটের তথ্য অনুযায়ী, এমবাপ্পের কাছে সবচেয়ে বেশি গোল হজম করা দলগুলোর মধ্যে দুই নম্বরে আছে বার্সা। এই তালিকায় শীর্ষে আছে মঁপেলিয়ে, যাদের বিপক্ষে তাঁর গোল ১৫টি।
এল ক্লাসিকোতেও দুর্দান্ত শুরু করেছেন এমবাপ্পে। পরিসংখ্যানবিশেষজ্ঞ মিস্টার চিপের তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ও বার্সার ঐতিহাসিক দ্বৈরথে নিজের প্রথম সাত ম্যাচেই আটটি গোল করেছেন তিনি।
এই প্রতিদ্বন্দ্বিতার ১২৪ বছরের বেশি ইতিহাসে প্রথম সাত ম্যাচে সমান গোল করার কীর্তি ছিল মাত্র তিনজনের। ১৯১৬ সালে সান্তিয়াগো বার্নাব্যু, ১৯৩২ সালে সামিতিয়ের এবং ১৯৫১ সালে পাহিনিও এই কীর্তি গড়েছিলেন। তাঁদের সবাই এই মাইলফলক ছুঁয়েছিলেন ৭৫ বছরের বেশি আগে।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। তবে এই হারের রাতেই স্বস্তির খবর পেয়েছে কাতালান ক্লাবটি। দীর্ঘ ১৫৫ দিন পর মাঠে ফিরেছেন তাদের তারকা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।


