বিসিবির নতুন ডি-থ্রি ট্রফির নিলাম শুরু: ছয় ফ্র্যাঞ্চাইজির জন্য তোলা হলো ২৬৯ ক্রিকেটারের নাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রতিযোগিতা ডি-থ্রি ট্রফির নিলাম শুরু হয়েছে। তিন সংস্করণের ঘরোয়া ক্রিকেটকে একই ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতার নিলামে ছয়টি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড গঠনের জন্য ২৬৯ জন ক্রিকেটারের নাম তোলা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিলাম পর্ব শুরু হয়। নিলাম পরিচালনা করছেন ভারতের অভিজ্ঞ উপস্থাপক ও নিলামকারী চারু শর্মা।
এই নিলামে প্রচলিত অর্থের পরিবর্তে পয়েন্টের ভিত্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইকন ক্রিকেটারদের বাইরে নিলামের মাধ্যমেই বাকি খেলোয়াড়দের দলে নেবে তারা। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে নিজেদের স্কোয়াড সাজানোর সুযোগ পাবে।
ডি-থ্রি ট্রফিতে থাকছে ক্রিকেটের তিন সংস্করণ—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। প্রতিযোগিতায় চারদিনের সাতটি, ওয়ানডে ১৬টি ও টি-টোয়েন্টি ১৯টি ম্যাচসহ মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে চারদিনের ম্যাচের আসর। আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণ।
নিলামের আগেই ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের আইকন ক্রিকেটার নির্বাচন করেছে। ওয়ালটন গ্রুপের আইকন মেহেদী হাসান মিরাজ, ফরচুন গ্রুপের তাওহীদ হৃদয়, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, এইস ব্লু স্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেন্স ব্যাংকের আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন নাঈম শেখ।




