৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে মঙ্গলবার চুয়েটে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা

দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার (২৫ অক্টোবর) শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত জানান। চিঠিতে তারা বলেন, দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এই পরিস্থিতিতে আর একাডেমিক ক্ষতি বাড়াতে চান না তারা, তাই দ্রুত শ্রেণিকক্ষে ফিরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর পক্ষে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
তবে ক্লাসে ফেরার সিদ্ধান্তকে আন্দোলন থেকে সরে আসা হিসেবে দেখার সুযোগ নেই বলে চিঠিতে উল্লেখ করেন তারা। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত আন্দোলন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের এক দফা দাবিতে চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
শিক্ষার্থীরা আরও জানান, সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে আবারও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আমাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। আমরা চাই, দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসুক। তবে, ক্লাসে ফেরা মানে আমাদের ন্যায্য দাবি থেকে সরে আসা নয়।”




