৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব স্থগিত করল জিপিএইচ ইস্পাতের পর্ষদ

জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার বিক্রির প্রস্তাব স্থগিত করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর আগে কোম্পানিটি প্রায় ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ২৪ অক্টোবর রাইট শেয়ারের প্রস্তাবটি পর্যালোচনা করে। শেয়ারবাজারের অবস্থা এবং কোম্পানি ও শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রস্তাবটি স্থগিত রাখা হয়।
পরদিন ২৫ অক্টোবর কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের জানায়। সভায় প্রস্তাবটি বাতিলের তালিকায় রাখা হয়।
কোম্পানি জানিয়েছে, পরবর্তীতে বিষয়টি আবার পর্যালোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।




