ডি থ্রি ট্রফির নিলামে শীর্ষে শরিফুল, ২ কোটি ৩০ লাখ পয়েন্টে সিটিজেনসে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম সোমবার অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে এবং সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে শুরু হবে।
নিলামে দেশীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে বিক্রি হয়ে শীর্ষে রয়েছেন জাতীয় দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাঁকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক (সিটিজেন গ্রুপ)।
দুই কোটির বেশি পয়েন্ট পেয়েছেন আরও দুজন। পেসার তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে নিয়েছে ওয়ালটন, আর ওপেনার তানজিদ হাসান তামিমকে ঠিক ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন।
পেসার হাসান মাহমুদকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে নিয়েছে ব্লুস্টার; একই মূল্যে দল পেয়েছেন ব্যাটার সাইফ হাসানও। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিককে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে নিয়েছে সিটিজেনস।
পেসার সৈয়দ খালেদ আহমেদকে দেড় কোটি পয়েন্টে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। সমান ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে নাজমুল হোসেন শান্তকে ফরচুন এবং লিটন কুমার দাসকে ওয়ালটন দলে নিয়েছে।
এই নিলামে সরাসরি অর্থের পরিবর্তে নির্ধারিত পয়েন্টের মাধ্যমে দল গঠন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, দলগুলোর আর্থিক বৈষম্য দূর করতে এবং সবার জন্য সমমানের স্কোয়াড নিশ্চিত করতে এই পয়েন্ট পদ্ধতি চালু করা হয়েছে।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি করপোরেট ফ্র্যাঞ্চাইজি—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার। টুর্নামেন্টের জন্য মোট ২৮১ জন ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করা হয়েছিল।
তালিকার ছয়জন তারকা ক্রিকেটারকে আগেই আইকন হিসেবে দলভুক্ত করা হয় এবং বাকি ২৭৫ জনকে নিয়ে নিলাম পরিচালিত হয়। আইকন হিসেবে ব্লুস্টারে নুরুল হাসান সোহান, ফরচুনে তাওহীদ হৃদয়, অ্যাকমিতে মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেনস ব্যাংকে মোহাম্মদ নাঈম শেখ, সেভেন রিংস সিমেন্টে মুশফিকুর রহিম এবং ওয়ালটনে মেহেদী হাসান মিরাজের খেলা নিশ্চিত হয়।
