সাভারে রেডিয়াস ইঞ্জিনিয়ারিংয়ের গোডাউনে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ

ঢাকার সাভারে রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের গোডাউনে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান।
এর আগে রোববার (২৫ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাভারের আমিনবাজার এলাকার বাসিন্দা সোহেল ওরফে বুস সোহেল (৪০), শাহিন গাজী (৩০), সুমন মিয়া (৩৩) ও সিদ্দিক (৩৬)।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে থাকা আগের মামলার তথ্যও পর্যালোচনা করেছে পুলিশ। এর মধ্যে সোহেল ওরফে বুস সোহেলের বিরুদ্ধে মাদক ও চুরিসহ পাঁচটি মামলা রয়েছে। শাহিন গাজীর বিরুদ্ধে রয়েছে একটি মাদক মামলা।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সাভার মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।



